সুপার লিগে রূপগঞ্জ না শেখ জামাল?
মোহামেডানের হাতে বাঁধা রইল লিজেন্ডস অব রূপগঞ্জের ভাগ্য। কাল ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচটা জিতেও রূপগঞ্জকে তাকিয়ে থাকতে হচ্ছে আজকের মোহামেডান-শেখ জামাল ম্যাচের দিকে। শুধু মোহামেডানের জয়ই পারে রূপগঞ্জকে সুপার লিগে ওঠাতে। ১১ ম্যাচে ১২ পয়েন্ট রূপগঞ্জের, ১০ ম্যাচে ১২ পয়েন্ট মোহামেডান ও শেখ জামালের। লিগে মোহামেডানের কাছে হেরেছে রূপগঞ্জ, জিতেছে শেখ জামালের বিপক্ষে। পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দল উঠবে সুপার লিগে। সেই হিসেবে আজকের ম্যাচের ফল যা-ই হোক না কেন, সুপার লিগ নিশ্চিত মোহামেডানের।
কাল ফতুল্লায় নবাগত পারটেক্সকে ৫ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর আবাহনীকে ৪ উইকেটে হারিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। বিকেএসপির অন্য মাঠে অধিনায়ক মনির হোসেনের দুর্দান্ত হ্যাটট্রিকের পরেও ব্রাদার্সের কাছে ১ রানে হেরেছে ভিক্টোরিয়া। গতবার শিরোপার লড়াইয়ে থাকা ভিক্টোরিয়া প্রথম পর্ব শেষ করল মাত্র ২ পয়েন্ট নিয়ে।
৪৮তম ওভারের পঞ্চম বলে মনির এলবিডব্লু করেন ধীমান ঘোষকে। পরের বলে বোল্ড নিহাদউজ্জামান। ৫০তম ওভারে আবার বল হাতে পেয়ে মনির প্রথম বলেই ইফতেখার সাজ্জাদকে ফিরিয়ে দেন মোহাম্মদ আরাফাতের ক্যাচ বানিয়ে।
জয়ের জন্য শেষ ওভারে ৯ রান দরকার ছিল ভিক্টোরিয়ার, শেষ বলে ৪ রান। তৃতীয় রানটি নিতে গিয়ে রানআউট হয়ে যান মঈনুল ইসলাম। তবে ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করা ভিক্টোরিয়া যে শেষ বল পর্যন্ত লড়াইয়ে থাকল, তাতে মঈনুলেরই সবচেয়ে বড় অবদান। ১২৮ রানে ৪ উইকেট পড়ার পর ক্রিজে আসেন মঈন। ভিক্টোরিয়া সপ্তম উইকেট হারায় ১৮৫ রানে। এরপর আবু সায়েমকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন কোনো চার-ছয় ছাড়াই ৫১ বলে ৪১ রান করা মঈনুল।
পাশের মাঠে দোলেশ্বরকে ২৪৭ রানের লক্ষ্য দিতে পারে আবাহনী। আবাহনীর স্কোরটা আড়াই শ ছুঁই-ছুঁই হয়েছে মনন শর্মা ও সাইফউদ্দিনের ১৭ বলে ৪০ রানের অষ্টম উইকেট জুটির সৌজন্যে। এ দুজন জুটি বাঁধার আগে ৯৪ রানে আউট হয়েছেন তরুণ আফিফ হোসেন। দোলেশ্বর লক্ষ্যটা ছুঁয়ে ফেলে ১৭ বল ও ৪ উইকেট হাতে রেখে। সর্বোচ্চ ৮৩ রান মার্শাল আইয়ুবের। ৬৯ রান শাহরিয়ার নাফীসের।
ফতুল্লায় রূপগঞ্জের আক্ষেপ ছিল একটাই, ১ রানের জন্য সেঞ্চুরি পাননি রাজা আলী। ২৭২ রান টপকে জেতা দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান মাহমুদুল হাসানের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক অবসর নিতে বাধ্য হওয়ার আগে রাজাকে নিয়ে ১৫৪ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-দোলেশ্বর, বিকেএসপি-৩
আবাহনী: ৫০ ওভারে ২৪৬/৭ (আফিফ ৯৪, শর্মা ৩৭*, মিঠুন ৩৪; আরাফাত সানি ২/৩৪)। দোলেশ্বর: ৪৭.১ ওভারে ২৪৭/৬ (মার্শাল ৮৩, শাহরিয়ার ৬৯, জাকির ৩৭; জায়েদ ৩/৬৪)।
ফল: দোলেশ্বর ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মার্শাল আইয়ুব।
ভিক্টোরিয়া-ব্রাদার্স, বিকেএসপি-৪
ব্রাদার্স: ৪৯.১ ওভারে ২৩৫ (বিসলা ৭৮, মাইশুকুর ৩৮, অলক ৩৫; মনির ৫/৩৮, মাহবুবুল ৩/৫৭, মঈনুল ২/৪২)। ভিক্টোরিয়া: ৫০ ওভারে ২৩৪/৯ (উত্তম ৪৯, মঈনুল ৪১, সায়েম ৩৪; বিসলা ৩/৩৯, ইফতেখার ২/৩৩)।
ফল: ব্রাদার্স ১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মানবিন্দর বিসলা।
রূপগঞ্জ-পারটেক্স, ফতুল্লা
পারটেক্স: ৫০ ওভারে ২৭২/৯ (সাক্সেনা ৯১, সাজ্জাদ ৫০, ইরফান ৩৪; রাসেল ৪/৩৮, মোশাররফ ৩/৫৪)। রূপগঞ্জ: ৪৯.২ ওভারে ২৭৭/৫ (রাজা ৯৯, মাহমুদুল ৭০, নাঈম ৩৬*; মামুন ২/৪২)।
ফল: রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রাজা আলী।