সুপারক্লাসিকো জেতালেন সুপার তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই জার্সিটাকে আমি এত ভালোবাসি!
এই জার্সিটাকে আমি এত ভালোবাসি!

এল ক্লাসিকো জেতাতে পারেননি লিওনেল মেসি। তবে বেতনের দিক দিয়ে মেসিকে শিগগিরই ছাড়িয়ে যেতে পারেন যিনি, সেই কার্লোস তেভেজ ঠিকই জেতালেন সুপারক্লাসিকো। উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতায় যে দ্বৈরথ এল ক্লাসিকোকেও ছাড়িয়ে যায় কখনো কখনো।

এমনই এক লড়াই হলো এবার বোকা জুনিয়র্স বনাম রিভার প্লেটের মধ্যে। সমর্থকদের মধ্যে প্রায়ই রক্তপাত-সংঘর্ষ ডেকে আনা ফুটবলের অন্যতম এই লড়াইয়ে বোকা জিতল ৪-২ গোলে।
এবারও শোরগোল কম হয়নি। দুই দলের লড়াইটা যে কখনোই মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এবারও যেমন বোকাকে নিজেদের মাঠে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে রিভার। আক্ষরিক অর্থেই। বোকার ড্রেসিংরুমে এসির সংযোগই বন্ধ করে দেওয়া হয়েছিল। গরমে হাঁসফাঁস করতে থাকা বোকা শেষ পর্যন্ত হোটেল থেকে দুটি স্ট্যান্ড ফ্যান এনে নিজেদের কিছুটা স্বস্তি দিয়েছে।
মাঠেও ছিল সমান উত্তাপ। আর্জেন্টিনা প্রিমিয়ার লিগে এবার বোকা বেশ সুবিধাজনক অবস্থানে আছে। শীর্ষস্থানটা আরও পোক্ত হলো এই জয়ে। যার জন্য তাদের ঘাম ঝরাতে হয়েছে বেশ।
১৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল বোকা। ৩৩ ও ৩৯ মিনিটে দুই গোল করে এগিয়ে যায় রিভার। দ্বিতীয়ার্ধে তেভেজের জোড়া গোল বোকাকে আবারও এগিয়ে দেয়। ৬১ মিনিটে সমতা ফেরানোর পর তেভেজের দুর্দান্ত বাঁকানো শটে ৮০ মিনিটে ৩-২ করে ফেলে বোকা। তবু স্বস্তিতে ছিল না তেভেজের ক্লাব। যেকোনো মুহূর্তে ম্যাচে সমতা ফিরতেই পারত। কিন্তু একেবারে যোগ করা সময়ে সেঞ্চুরিয়নের গোল রিভারকে ছিটকে দেয়।
এটাই তেভেজের শেষ সুপারক্লাসিকো। জুভেন্টাস মাতিয়ে ফর্মে থেকেই তেভেজ আর্জেন্টিনায় ফিরেছিলেন নিজের শিকড়ের টানে। বুড়ো বয়সে ফিরতে চাননি, যে ফেরা হয়ে থাকে নামকাওয়াস্তে। আর ফর্মে থাকা তেভেজকে নিয়ে বোকাও ছুটছে দুর্দান্ত গতিতে। যদিও তেভেজকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে চীনের সাংহাই শেনহুয়া। বেতনের অঙ্কটা চোখ কপালে তুলে দেওয়ার মতো। তেভেজ চীনে নাম লেখান কিংবা অবসর নিন; নিজের সম্ভাব্য শেষ ক্লাসিকোটা এর চেয়ে ভালোভাবে স্মরণীয় করে রাখতে পারতেন না।