সুপারম্যান ইব্রা ও সাত গোলের রোমাঞ্চ

ইতালিয়ান সিরি ‘আ’ অভিষেকে গোল করেছিলেন। স্প্যানিশ লিগ অভিষেকেও। গোল করেছেন চ্যাম্পিয়নস লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজের প্রথম ম্যাচেও। ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকে গোল করা আর বাদ রাখবেন কেন ইব্রাহিমোভিচ? ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর লিগ অভিষেকও দুর্দান্ত গোল করে রাঙিয়ে নিলেন সুইডিশ স্ট্রাইকার। তাতে বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় দিয়েই ইউনাইটেডে লিগ অভিযান শুরু হলো হোসে মরিনহোর দলের।
এই ম্যাচটা যদি ইব্রার ‘সুপারম্যান’ ক্ষমতার প্রমাণ হয়ে থাকে, প্রিমিয়ার লিগে আজ ‘সুপারম্যাচ’ হয়ে এসেছে আর্সেনাল-লিভারপুলের ম্যাচটি। কী ছিল না! দুর্দান্ত ফুটবল, আক্রমণ-প্রতি আক্রমণ...আর গোল! দুই দলে সাত গোলের রোমাঞ্চকর ম্যাচটিতে ৪-৩ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।
প্রথমার্ধে এমিরেটসে কোনো ইঙ্গিতও ছিল না ম্যাচটা এমন জমজমাট হবে। শুরুটা দুর্দান্তই করেছিল আর্সেনাল, বল দখলে রেখে বারবার আক্রমণে উঠছিল। লিভারপুলও প্রতি আক্রমণে ভয় দেখাচ্ছিল বেশ। ৩১ মিনিটে থিও ওয়ালকটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তখন মনে হচ্ছিল, ম্যাচটা লিভারপুলের হাত থেকে ছুটে যাচ্ছে। কিন্তু ফিলিপে কুতিনহোর ভাবনায় অন্য কিছুই ছিল। প্রথমার্ধের একেবারে শেষ দিকে আর্সেনালের বক্সের সামনে ফ্রি কিক পায় লিভারপুল। ২৫ গজ দূর থেকে যে দুর্দান্ত শটটি নিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার, আর্সেনাল গোলরক্ষক পিওতর চেকের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
ওই একটি গোলই যেন ম্যাচের গতিপথ বদলে দিল। দ্বিতীয়ার্ধে ফুটবল যেন এল সব রোমাঞ্চ নিয়ে। গোল হলো পাঁচটি! শুরুটা করেছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যাডাম লালানার সুন্দর ফিনিশিং ও সাদিও মানের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যের গোল, মাঝে ১৯ পাসের পর কুতিনহোর আরেকটি দুর্দান্ত গোল মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে যায়।
কিন্তু এ সময়ই যেন জেগে উঠল আর্সেনাল। মানের করা লিভারপুলের চতুর্থ গোলের মিনিট খানেকের মধ্যেই গোল করে আর্সেনালকে আশার আলো দেখান মাত্রই মাঠে নামা অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন। ১১ মিনিট পর আরও একটি, এবার ক্যালাম চেম্বারস। ৪-৩! শেষ ১৫ মিনিট তাই দুই দলের প্রাণপণ লড়াই চলল। যেন মৌসুমের প্রথম ম্যাচ নয়, কোনো টুর্নামেন্টের ফাইনাল!

দিনের আগের ম্যাচটিতে সব আলো কেড়ে নিয়েছেন ইব্রাহিমোভিচ। বোর্নমাউথের মাঠে প্রথমার্ধে অবশ্য খুব বেশি একটা খুঁজে পাওয়া যায়নি সুইডিশ কিংবদন্তিকে, তবে তাতেও খুব একটা সমস্যা হয়নি ইউনাইটেডের। ৪০ মিনিটে হুয়ান মাতার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মরিনহোর দল। ব্যবধানটা দ্বিগুণ হয়ে যায় ৫৯ মিনিটে, এবারের গোল ওয়েইন রুনির। ম্যাচটা ততক্ষণে জয় নিয়ে অনিশ্চয়তা খুব বেশি নেই, কিন্তু ইব্রার যে উপলক্ষটাকে রাঙিয়ে নেওয়া বাকি।
বাকিটা শোধ করে দিলেন ৬৪ মিনিটে। গোলটা হলোও দুর্দান্ত। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে। অবশ্য ইব্রাহিমোভিচ বলেই হয়তো মনে হতে পারে, এটা তো স্বাভাবিকই! এই যে, ইব্রার গোলের মিনিট পাঁচেক পরই বোর্নমাউথের অ্যাডাম স্মিথ যে সান্ত্বনাসূচক গোলটি করেছেন, সেটি কেমন চাপা পড়ে গেল। সূত্র: বিবিসি।