সুপারম্যান ইব্রার লাগল মাত্র ১৯০ সেকেন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সেই গোল! ছবি: টুইটার
এই সেই গোল! ছবি: টুইটার

এলেন, দেখলেন, জয় করলেন কথাটা এখনই বাড়াবাড়ি হয়ে যাবে। শত হলেও ম্যাচটা তো স্রেফ প্রাক–মৌসুম প্রস্তুতির। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শুরুটা ইব্রার বোধ হয় এর চেয়ে ভালো আর হতে পারত না। মাঠে নামার ১৯০ সেকেন্ডের মধ্যে গোল, সেটাও তাঁর ট্রেডমার্ক সিজার কিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জ্লাতান ইব্রাহিমোভিচের শুরুটা স্বপ্নের মতো হলো। 

ওল্ড ট্রাফোর্ডে নাম লিখিয়েছিলেন এই মাসের শুরুতেই। কিন্তু এত দিন বিশ্রামে ছিলেন। ইউনাইটেড প্রাক–মৌসুম প্রস্তুতির চীন সফরেও যাননি। কাকতালীয়ই বটে, শুরুটা হলো নিজের দেশ সুইডেনে। গ্যালাতাসারাইয়ের সঙ্গে ম্যাচে চার মিনিটের সময় ডান দিক থেকে উড়ে এল আন্তোনিও ভ্যালেন্সিয়ার ক্রস। ইব্রার ব্যাক ভলিটা ঠিকঠাক মতো লাগলও না। তারপরও বল জালে জড়িয়ে দেওয়ার জন্য ওটুকুই যথেষ্ট ছিল। মাটিতে একবার পড়ে বলটা জড়িয়ে গেল গ্যালাতাসারাইয়ের জালে।
এরপর প্রথমার্ধে আর সে রকম কিছু করতে পারেননি ইব্রা। বিরতির সময় মাঠ থেকে উঠে গেছেন, তাঁর জায়গা নিয়েছেন তরুণ মার্কাস রাশফোর্ড। তবে ম্যাচ শেষে ইব্রার কথা শুনে ইউনাইটেড–সমর্থকেরা আশায় আরেকটু বুক বাঁধতে পারে, ‘আমার মনে হচ্ছে আমরা বড় কিছু করতে যাচ্ছি। সেটার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’
ইউনাইটেড শেষ পর্যন্ত পেয়েছে ৫-২ গোলের সহজ জয়। জোড়া গোল করেছেন ওয়েইন রুনি, একটি করে গোল পেয়েছেন মারুয়ানে ফেলাইনি ও হুয়ান মাতা।