সুবরির সেই গোল!

মালয়েশিয়ান ক্লাব পেনাংয়ের হয়ে খেলেন। নিজ দেশের বাইরে তাঁর ক্লাব কিংবা তাঁকে কেউ চেনার কথা নয়। সেই মোহামেদ ফাইজ সুবরি ফিফার বর্ষসেরা গোলের জন্য মনোনয়ন পেয়ে হঠাৎই আলোচনায়। জুরিখে স্বপ্নের মঞ্চে এসে বেশ নার্ভাসও। পুরস্কার পাওয়ার চেয়ে বড় কথা, ফুটবলের এত এত কিংবদন্তিকে কাছ থেকে দেখবেন, এটাই তো কখনো ভাবেননি!
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো যখন পুসকাস পুরস্কারের জয়ী হিসেবে তাঁর নামটা ঘোষণা করলেন, সুবরির যেন বিশ্বাসই হচ্ছিল না! মেসি-রোনালদো-নেইমার-সুয়ারেজদের এই যুগে বছরের সেরা গোলের পুরস্কার পাওয়া অন্য যে কারও জন্যই তো দারুণ ব্যাপার! এই প্রথম এশিয়ার কোনো ফুটবলার জিতলেন সেরা গোলের এই পুরস্কার।
গত বছরের ফেব্রুয়ারিতে মালয়েশিয়ান লিগে পাহাং এফসির বিপক্ষে দুর্দান্ত ওই গোলটা করেছিলেন সুবরি। প্রায় ২৫ মিটার দূর থেকে নেওয়া এই মালয়েশিয়ান স্ট্রাইকারের ফ্রি-কিক প্রথমে বাঁয়ে এবং তারপর ডানে বাঁক খেয়ে পোস্টে লেগে ঢুকে যায় জালে। ওই ম্যাচের পরই তাঁর সেই গোল ‘ভাইরাল’ হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই এটাকে তুলনা করেন ১৯৯৭ সালে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের রবার্তো কার্লোসের সেই বিখ্যাত ফ্রি-কিক গোলের সঙ্গে।
‘দ্য ফেনোমেনন’ রোনালদোর হাত থেকেই ট্রফিটা নিলেন সুবরি। মোবাইল ফোনে একটা বক্তৃতা লিখে এনেছিলেন। কিন্তু নার্ভাস হয়ে যাওয়ায় সেটা খুঁজে পেতেও সময় লাগল। কাঁপা কাঁপা গলায় বললেন, ‘সত্যি বলতে কখনো ভাবিনি, আমি কোনো দিন এই পর্যায়ে আসতে পারব। এত তারকার মাঝে অবিশ্বাস্য লাগছে।’
এই পুরস্কার যে তাঁর স্বপ্নটা আরও বড় করে দিয়েছে, বললেন সেটাও, ‘আমি মালয়েশিয়ার বাইরে খেলতে চাই, আরও বড় লিগে।
তবে সেটা হওয়ার আগ পর্যন্ত আমার লক্ষ্য নিজের পারফরম্যান্স দিয়ে পেনাংকে সাহায্য করে যাওয়া।’ ফিফা ডটকম।