সুবাসহীন গোলের মালা বানাল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের দ্বিতীয় গোলের পর সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি। ছবি: টুইটার
নিজের দ্বিতীয় গোলের পর সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি। ছবি: টুইটার

ম্যাচের ৪৭ থেকে ৫১ মিনিট পর্যন্ত একটি দৃশ্য চমকে দিতে পারে। চোট পেলেন বার্সেলোনা ডিফেন্ডার ক্লেমোঁ লংলে। তাঁর জায়গায় নেলসন সেমেদো নামবেন। কিন্তু এটুকু সময়ের মধ্যে বার্সা ১০ জন নিয়েই খেলেছে! বলটা বাইরে পাঠিয়ে এই বদলির যেন কোনো ইচ্ছাই ছিল না মেসিদের। খেলার জন্য, জয়ের জন্য তাড়না এতটাই ছিল!

ফুটবলপ্রেমীরা বলতে পারেন, এই তাড়নার সলতে বেয়ে জ্বলে ওঠার বিস্ফোরণ ঘটাতে বড্ড দেরি হয়ে গেল বার্সার। করোনা মহামারিতে লিগ স্থগিত হওয়া পর্যন্ত শীর্ষে ছিল বার্সাই। কিন্তু লা লিগা পুনরায় মাঠে গড়ানোর পর এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আজ তাই নিজেদের শেষ ম্যাচে আলাভেসকে গোলের মালা পরিয়ে শুধু সান্ত্বনাই পেল বার্সা। ৫-০ গোলের মালায় বার্সা লিগ ভালোভাবে শেষ করলেও ট্রফি হারানোয় সুবাসটা পাওয়া গেল না।

তবু লাভ তো কিছু হয়েছেই। সেটি ব্যক্তি পর্যায়ে। জোড়া গোল করা ছাড়াও আনসু ফাতিকে দিয়ে একটি গোল করিয়েছেন মেসি।  গোল পেয়েছেন লুই সুয়ারেজ ও নেলসন সেমেদো। সুয়ারেজ অবিশ্বাস্য মিস না করলে জয়ের ব্যবধানটা বাড়ত বার্সার। তবে শেষ ম্যাচে বার্সার দুই তরুণ ফাতি ও পুচের খেলা আগামী মৌসুমে আরও ভালো করার আশা জাগাবেই বার্সা সমর্থকদের।

আলাভেসের মাঠে শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরেছিল কিকে সেতিয়েনের দল। বোঝাই যাচ্ছিল বড় এক তৃপ্তির ঢেঁকুর তুলে লিগ মৌসুমটা শেষ করতে চায় বার্সা। ২৪ মিনিটে মেসির পাস থেকে বক্সে আলতো টোকায় গোলের খাতা খোলেন ফাতি। তার আগে তিনবার আলাভেসের গোলপোস্ট কাঁপিয়েছেন মেসি, আরতুরো ভিদাল ও পুচ।

ফাতির গোলের ১০ মিনিট পর মেসি এবং তার ১০ মিনিট পর আরও একটি গোল করেন সুয়ারেজ। ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বার্সা। এরপর এসেছে আরও দুই গোল। ৫৮ মিনিটে দুর্দান্ত শটে করা সেমেদোর গোলটি এ ম্যাচের সেরা গোল। আর ৭৫ মিনিটে জর্ডি আলবার পাস থেকে হাফভলি শটে মেসির গোলটি হয়ে থাকল এই মৌসুমে বার্সার শেষ উদযাপন।

এ মৌসুমে ২৫ গোল করে থামলেন মেসি। ২১ গোল নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড করিম বেনজেমা। বাংলাদেশ সময় রাত ১টায় লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। মেসিকে টপকে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পিচিচি জিততে এ ম্যাচে অবিশ্বাস্য কিছুই করতে হবে বেনজেমাকে। যদিও এবার মেসির রেকর্ড সপ্তমবারের মতো পিচিচি জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর বার্সা? ৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকার সান্ত্বনা পুরষ্কার। কিন্তু দ্বিতীয়কে কেউ মনে রাখে না!