সুয়ারেজকে নিয়ে মেসির আশা

নেইমার তো আছেনই, এ মৌসুমে বার্সেলোনায় যোগ হয়েছেন আরেক ‘তুরুপের তাস’ লুইস সুয়ারেজ। লিওনেল মেসির সঙ্গে প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করাই হবে এ দুজনের ভূমিকা। মেসি-নেইমার জুটি এরই মধ্যে জমে উঠেছে। সুয়ারেজ দলে যোগ দিলে কী হবে, ভাবতেই শিহরণ খেলে যাচ্ছে মেসির মনে!
নতুন কোচ লুইস এনরিকের অধীনে এ মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি বার্সা। সাত ম্যাচে ছয়টিতেই জয়। মেসির প্রত্যাশা সুয়ারেজ এলে বার্সা হয়ে উঠবে আরও ভয়ংকর। অ্যাডিডাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বললেন, ‘আমরা শিহরিত, মুখিয়ে আছি। ভালো ভালো খেলোয়াড় নিয়ে দারুণ একটা দল হয়েছে আমাদের। সুয়ারেজ দলে যোগ দিলে আমাদের আক্রমণভাগ হয়ে উঠবে আরও শক্তিশালী। আশা করি, আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারব।’
নিষেধাজ্ঞার কারণে আগামী ২৬ অক্টোবরের আগে মাঠে ফিরতে পারবেন না সুয়ারেজ। এরপরই বোঝা যাবে, মেসি-নেইমার-সুয়ারেজ—ত্রিরত্নের রসায়ন কতটা জমে ওঠে। সূত্র: মার্কা ও গোলডটকম।