সুয়ারেজের অপেক্ষায় মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়ারেজের সঙ্গে জুটি বাঁধার অপেক্ষায় মেসি। ছবি: রয়টার্স
সুয়ারেজের সঙ্গে জুটি বাঁধার অপেক্ষায় মেসি। ছবি: রয়টার্স

লা লিগায় মালাগার বিপক্ষে বার্সেলোনার গোলশূন্য ড্রয়ের দিন ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জোড়া গোল করলেন লুইস সুয়ারেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর গত মৌসুমটা কেটেছে দুর্দান্ত। এবারও সুয়ারেজের সেই ধার দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। কেবল সমর্থক নয়, উরুগুয়ের স্ট্রাইকারের প্রয়োজন অনুভব করছেন লিওনেল মেসিও। জানালেন, সুয়ারেজ দলে ফিরলে বার্সা হবে আরও শক্তিশালী।
বুধবার মালাগার বিপক্ষে বার্সার নিষ্ক্রিয় আক্রমণভাগ নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে জানতে চাইলে ‘ফক্স স্পোর্টস ম্যাগাজিন’কে মেসি বলেন, ‘তার এখানে (লিভারপুল থেকে) আসার সিদ্ধান্তটি দারুণ। সে দলে ফিরলে আমরা আরও শক্তিশালী দল হয়ে উঠব। আমাদের বৈচিত্র্য আরও বাড়বে।’ সুয়ারেজের নিষেধাজ্ঞা রয়েছে ২৫ অক্টোবর পর্যন্ত। এরপরই হয়তো ফিরবেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
গত মৌসুমটা ভালো যায়নি বার্সার। ঘরে আসেনি বড় কোনো শিরোপা। সমর্থকেরা খুব করে চাইছে, এবার অন্তত নিরাশ করবেন না মেসিরা। বড় শিরোপা ঘরে আসবে কাতালান জায়ান্টদের ঘরে। এ প্রসঙ্গে বার্সা ফরোয়ার্ডের জবাব, ‘শিরোপাগুলো আমাদের পুনরুদ্ধার করতে হবে। লক্ষ্য সব সময়ই এক-শিরোপা জেতা এবং ভালো ফুটবল খেলা। গেল বছর প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি বলেই ব্যর্থ হয়েছিলাম।’ সূত্র: গোলডটকম।