সুয়ারেজের আসল কামড়

২০১৪ বিশ্বকাপে ইতালির বিপক্ষে ৭৯ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার জর্জো কিয়েলিনির কাঁধে কামড় বসিয়ে কী হইচইটা না ফেলে দিলেন লুইস সুয়ারেজ! উরুগুয়ে স্ট্রাইকারের কামড় কাণ্ড নতুন নয়। ২০১০ সালের নভেম্বরে ডাচ লিগে আয়াক্সের হয়ে খেলার সময় কামড়ে দিয়েছিলেন অটোমান বাক্কালকে। ২০১৩ সালের ২১ এপ্রিল চেলসির ইভানোভিচকে আচমকা কামড়ে আবারও নিন্দিত হলেন। আর বিশ্বকাপের কামড় কাণ্ডের পর তো চারদিকে ‘ছি ছি’ রব উঠল।
সুয়ারেজের এসব কাণ্ডে বেশ অস্বস্তিতে পড়ল বার্সেলোনা। কারণ, ততদিনে যে লিভারপুল থেকে প্রচুর অর্থ ঢেলে সুয়ারেজকে ভেড়ানো হয়েছে কাতালান জায়ান্টদের ঘরে। অর্থের পরিমাণও নেহাত কম নয়-৯.৪ কোটি ইউরো। গত মৌসুমের দলবদলে যা সর্বোচ্চ। কিন্তু লিভারপুলে আলো ছড়ানো সুয়ারেজকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না শুরুর দিকে। কামড় কাণ্ডের পর নিষেধাজ্ঞা কাটিয়ে অক্টোবরে বার্সার হয়ে সুয়ারেজের ‘অভিষেক’ হলো এল ক্লাসিকো দিয়ে। এরপর একের পর এক ম্যাচ খেলছেন অথচ গোল নেই! সংবাদমাধ্যমে প্রশ্নও উঠল-বার্সা কেন কিনতে গেল সুয়ারেজকে? বার্সা কর্তৃপক্ষ তখন তাঁকে আগলে রাখার চেষ্টা করলেন এভাবে-কেবল গোল সংখ্যা দিয়েই সুয়ারেজের মতো প্রতিভাকে মূল্যায়ন করা যাবে না। তার জন্য গোল করাটা সময়ের ব্যাপার।
অবশেষে গোলখরা ঘোচালেন চ্যাম্পিয়নস লিগে। গ্রুপ পর্বে অ্যাপোয়েলের বিপক্ষে চলতি মৌসুমে প্রথম গোলের খাতা খুললেন সুয়ারেজ। তবে লিভারপুলের সেই ধারটা দেখাতে শুরু করলেন এ বছরে এসে। এ মৌসুমে ২৯ ম্যাচে করেছেন ১৪ গোল। এর মধ্যে ১১ গোল এসেছে চলতি বছরে। আসল ‘কামড়’ বসালেন কাল। দুর্দান্ত ফার্স্ট টাচে রিসিভ করা একটা লং বল তার চেয়েও দুর্দান্ত ফিনিশিংয়ে ঠেললেন রিয়ালের জালে। আর এই গোলটাই জেতাল বার্সাকে।
কালকের এ গোলকে বার্সার জার্সিতে তাঁর অন্যতম সেরা বলেই রায় দিলেন সুয়ারেজ, ‘এ ক্লাবের হয়ে যত গোল করেছি, এর মধ্যে এটাই সেরা। কারণ, প্রতিপক্ষ। গোটা দল খুবই খুশি হয়েছে। জানি, লিগ খুবই কঠিন। আমরা খুবই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সুযোগটা কাজে লাগিয়েছি। সব লিগের মতো এখানে একটু ঢিল দিলে কী পরিণতি হতে পারে, তা কেউ জানে না।’
দারুণ এ মুহূর্তে কোচ লুইস এনরিকের প্রশংসা পাচ্ছেন বার্সা ফরোয়ার্ড। ‘কেন এত টাকা ঢেলে সুয়ারেজকে বার্সায় আনা হলো’ শুরুর দিকে সেই প্রশ্নেরও উত্তর দিচ্ছেন এনরিকে, ‘সুয়ারেজ খুবই উঁচু মানের খেলা খেলেছে। সে যেভাবে গোলটা করেছে, খুব কম খেলোয়াড়ই তা করতে পারে। এ কারণেই তাকে দলে নিয়েছিলাম। এ কারণেই এত অর্থ ঢেলেছিলাম।’ তথ্যসূত্র: এএফপি।