সুয়ারেজের জোড়া গোল, বড় জয় বার্সার

পাক্কা তিনটা সপ্তাহ পর গোল পেলেন লিওনেল মেসি। মৌসুমে তাঁর ৪৪ তম গোলটির সময় কী ভেবেছিলেন লুইস সুয়ারেজ। মেসির পাশে স্কোর লাইনে নিজের নামটি লেখার অভিপ্রায় নিশ্চয়ই পেয়ে বসেছিল তাঁকে! সেই অভিপ্রায়টাকেই বাস্তবে পরিণত করে করলের জোড়া গোল। মেসির সঙ্গে সুয়ারেজের দুই গোল আর মার্ক বারত্রার দারুণ বুদ্ধিদীপ্ত এক গোলের সম্মিলিত হিসাবে আলমেইরাকে ৪-০ গোলে হারিয়ে লা লিগায় নিজেদের জয়যাত্রাটা অক্ষুন্নই রেখেছে বার্সেলোনা।
স্কোর লাইন খুব সহজ একটি ম্যাচের বার্তা দিচ্ছে। ম্যাচটা খুব সহজ না হলেও আজ বার্সেলোনা আলমেইরার সঙ্গে নিজেদের পার্থক্যটা সবাইকে বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে। সেল্টা ভিগোর বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর আজ আলমেইরার বিপক্ষে এই জয় সমর্থকদের মধ্যে বইয়ে দিচ্ছে স্বস্তির হাওয়াই।
সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতায় আজ আলমেইরার বিপক্ষে মাঠে নেমে বার্সেলোনা কিন্তু ছিল একটু নড়বড়েই। প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৩ মিনিট। ১৫ মিনিটের মাথায় তো গোল খেয়ে যাওয়ার শঙ্কাও পেয়ে বসেছিল। ভাগ্যিস আলমেইরার ওয়েলিংটন সিলভার শটটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল!
শুরুর নড়বড়ে ব্যাপারটা পেয়ে বসল পেদ্রো রদ্রিগুয়েজ আর জাভি হার্নান্দেজকেও। মেসির একটা দুর্দান্ত ক্রস পেদ্রো বাইরে মেরে নষ্ট করেন আর জাভি দারুণ ভলিতেও ব্যর্থ গোলরক্ষক হুলিয়ান কুয়েস্তাকে পরাভূত করতে। তবে কুয়েস্তাকে কুপোকাত করেন মেসি ম্যাচের ৩৩ তম মিনিটে। ডান প্রান্তে বল ধরে পেনাল্টি বক্সের একেবারে মাথায় গিয়ে আলমেইরার একজন খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শটের দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন তিনি।
ম্যাচের ৫৫ মিনিটে বার্সেলোনাকে ২-০ গোলে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। গোলটি পাওয়ার আগে সুয়ারেজ অবশ্য ম্যাচে নিজেকে হারিয়েই খুঁজছিলেন। তবে তিনি তাঁর জাত চেনান তাঁর এই গোলে। সুয়ারেজের বুলেট গতির শটটি ফেরানোর ক্ষমতা গোলরক্ষক কুয়েস্তার ছিল না।
সেট পিস থেকে আসে ম্যাচের তৃতীয় গোলটি। জাভির কর্নারে মাথা ছুয়ে স্কোর লাইন ৩-০ করে ফেলেন মার্ক বারত্রা। খেলার অন্তিম মুহূর্তে বাম প্রান্ত থেকে ফাঁকায় পেদ্রোর বাড়ানো ক্রসে পা লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন সুয়ারেজ।
ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এখনো স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে পিছিয়ে আছেন মেসি। আজ একটি গোল পেয়ে ব্যবধানটা এখন তিন। তবে নিজের একটি গোল অফসাইডের অজুহাতে বাতিল হয়ে যাওয়া কিংবা গোলরক্ষক কুয়েস্তার কল্যাণে একটি নিশ্চিত সুযোগ হাতছাড়া করাকে মেসি কিন্তু দুর্ভাগ্য ভাবতেই পারেন। নিজের খেলাটা কিন্তু আজ দারুণই খেলেছেন এই আর্জেন্টাইন তারকা। সূত্র: এএফপি।