সুয়ারেজের দাম আসলে কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার সুয়ারেজের দাম নিয়ে উঠেছে প্রশ্ন। ছবি: রয়টার্স
এবার সুয়ারেজের দাম নিয়ে উঠেছে প্রশ্ন। ছবি: রয়টার্স

অনেক চেষ্টা করেও গত মৌসুমে আলো ছড়ানো সুয়ারেজকে ধরে রাখতে পারেনি লিভারপুল। অনিচ্ছা সত্ত্বেও বার্সেলোনার কাছে উরুগুইয়ান স্ট্রাইকারকে বিক্রি করতে রাজি হয় ইংলিশ ক্লাবটি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রশ্ন উঠেছে সুয়ারেজকে বিক্রির আসল দাম নিয়ে। তাদের সন্দেহ, উরুগুইয়ান ফরোয়ার্ডের দাম নিয়ে বার্সা কোনো লুকোছাপা করছে না তো!
প্রশ্ন ওঠার যথেষ্ট কারণও আছে। লিভারপুলের পক্ষ থেকে বলা হয়েছে, সুয়ারজেকে তারা ছেড়েছে ৭ কোটি ৫ লাখ পাউন্ড বা প্রায় ৯৫০ কোটি টাকায়। তবে বার্সা জোর দিয়েই বলছে, খরচ হয়েছে ৬ কোটি ৫ লাখ পাউন্ড বা ৮৩০ কোটি টাকা। স্পষ্টত এক কোটি পাউন্ড বা প্রায় ১২০ কোটি টাকার ফারাক। বার্সা অবশ্য দাবি করেছে, সব ধরনের স্বচ্ছতা বজায় রেখেই সুয়ারেজকে অ্যানফিল্ড থেকে কেনা হয়েছে।
সুয়ারেজের দাম নিয়ে প্রশ্ন ওঠার পেছনে হয়তো কাজ করছে সেই নেইমার-বিতর্ক। বছরের গোড়ার দিকে ব্রাজিলীয় ফরোয়ার্ডের চুক্তি নিয়ে বেশ বিপাকেই পড়েছিল বার্সা। এর জের ধরে ওই সময়ের সভাপতি সান্দ্রো রোজেলকে পর্যন্ত বিদায় নিতে হয়। নেইমারের ‘দলবদলের’ খরচ ছিল ৫ কোটি ৭০ লাখ ইউরোই। কিন্তু পুরো চুক্তিটা করতে বার্সার খরচ হয় ৮ কোটি ৬২ কোটি ইউরো! পরে এ নিয়ে বিস্তারিত খোলাসা করে বার্সা। সূত্র: মেইল আনলাইন ও মার্কা।