সুয়ারেজের শাস্তি কমছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ফেরার অপেক্ষায় সুয়ারেজ। ছবি: রয়টার্স
মাঠে ফেরার অপেক্ষায় সুয়ারেজ। ছবি: রয়টার্স

বিশ্বকাপে জর্জো কিয়েলিনিকে কামড় দিয়ে লুইস সুয়ারেজ ভুল করেছিলেন। কত বড় ভুল, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন উরুগুয়ে স্ট্রাইকার। নিষেধাজ্ঞার খড়্গে পড়ে দূর থেকে দেখতে হচ্ছে সতীর্থদের খেলা। অবশ্য বার্সেলোনা ফরোয়ার্ডের ‘শাস্তি শিথিল’ করার ইঙ্গিত দিলেন ফিফার সহসভাপতি ইউজেনিও ফিজুয়ের্দো।

দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার সাবেক এ প্রধান বললেন, ‘আরও কিছু সময় অতিবাহিত হলে আমরা দেখব কীভাবে এ শাস্তি শিথিল করা যেতে পারে।’ অবশ্য ফিফার এ গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িও উরুগুয়েতে। আর্জেন্টিনার সাবেক সভাপতি হুলিও গ্রন্দোনার প্রয়াণের পর ফিফার গুরুত্বপূর্ণ পদটিতে স্থলাভিষিক্ত হয়েছেন সম্প্রতি।
কিয়েলিনিকে কামড়ে চার মাস যেকোনো ফুটবল-সম্পর্কিত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হন সুয়ারেজ। সঙ্গে নয়টি আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞা তো রয়েছেই। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বার্সার পক্ষ থেকে আপিল করার পরিপ্রেক্ষিতে ক্লাবের প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন। তবে ক্লাব ফুটবলে ফিরতে পারবেন ২৫ অক্টোবরের পর।
কিন্তু নয় ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তো রয়েই গেছে। যদিও এ মাসে সৌদি আরব ও ওমানের বিপক্ষে উরুগুয়ের দুটি প্রীতি ম্যাচে সুয়ারেজকে স্কোয়াডে রেখেছেন কোচ অস্কার তাবারেজ। যদি শাস্তি ‘শিথিল’ না-ই হয়, তবে এ দুটো ম্যাচ তো বটেই হয়তো আগামী বছরের কোপা আমেরিকাতেও অনুপস্থিত থাকতে পারেন। সূত্র: মার্কা।