সুযোগ পেয়েই আলো কাড়লেন ফ্যাব্রিগাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কন্তে-মাতিচ-অস্কারদের ভিড়ে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সুযোগ পেয়েছেন মাত্র ৩৫ মিনিটের মতো। চেলসির মূল একাদশে সুযোগ বলতে এর আগে শুধু লিগ কাপের একটি ম্যাচে খেলা। পরশু লিগ কাপেরই তৃতীয় রাউন্ডে লেস্টার সিটির বিপক্ষে মূল একাদশে সেস্ক ফ্যাব্রিগাস সুযোগ পেলেন দ্বিতীয়বার। আর সেটি কী দুর্দান্তভাবেই না কাজে লাগালেন স্প্যানিশ মিডফিল্ডার! করেছেন জোড়া গোল, ম্যাচের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়া চেলসিও তাতে পেল ৪-২ গোলের জয়।

জয় পেয়েছে আর্সেনাল, লিভারপুলও। নটিংহাম ফরেস্টকে ৪-০ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল, আর গত মৌসুমের রানার্সআপ লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে ডার্বি কাউন্টিকে।

তবে সবচেয়ে বেশি আলোচনা ছিল চেলসি-লেস্টার ম্যাচ নিয়ে। তাতে আলো কেড়ে নিলেন ফ্যাব্রিগাস। ‘রক্ষণে দক্ষতা কম’ বলে ২৯ বছর বয়সী মিডফিল্ডারকে সেভাবে সুযোগ দিচ্ছিলেন না নতুন চেলসি কোচ আন্তোনিও কন্তে। পরশু দিলেন, তার প্রতিদানও পেলেন।

শিনজি ওকাজাকির জোড়া গোলে ৩৪ মিনিটে ২-০-তে পিছিয়ে যায় চেলসি। তবে সমতায় ফেরে বিরতির আগে-পরে গ্যারি কাহিল ও সিজার আজপিলিকুয়েতার গোলে। ৮৯ মিনিটে লেস্টারের ডিফেন্ডার মার্চিন ভাশিলেফস্কি লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে পড়ে লেস্টার, অতিরিক্ত সময়ে তার সুযোগ দুহাত ভরে নিল চেলসি। ৯২ থেকে ৯৪—দুই মিনিটের মধ্যে দুটি গোল করে কন্তের মুখে হাসি ফোটালেন ফ্যাব্রিগাস।

কিন্তু এমন পারফরম্যান্সের পরও আর্সেনালের বিপক্ষে লিগের পরের ম্যাচে মূল একাদশে ফ্যাব্রিগাসকে রাখার নিশ্চয়তা দিচ্ছেন না কন্তে, ‘ও অনেক দিকেই উন্নতি করছে, বিশেষ করে রক্ষণের পরিস্থিতিতে। তবে আর্সেনাল ম্যাচে দলের সব খেলোয়াড়েরই সমান সুযোগ থাকবে।’ রয়টার্স, গোল।