
পয়েন্ট তালিকায় চট্টগ্রাম আবাহনীর সঙ্গে শীর্ষে ওঠার দারুণ সুযোগ ছিল রহমতগঞ্জের সামনে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কাল আরামবাগের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পুরান ঢাকার দলটি।
প্রচণ্ড দাবদাহে দুই দলের খেলোয়াড়েরা মাঠে হাঁসফাঁস করেছেন। দুবারের ‘রুলিং ব্রেকেও’ যেন কুলিয়ে উঠতে পারছিলেন না ফুটবলাররা। বল মাঠের বাইরে যেতেই ডাগআউটে ছুটে এসেছেন ঠান্ডা পানি গায়ে আর মাথায় ঢালতে। এমন গরমে ৬৩ মিনিট পর্যন্ত ১-২ গোলে পিছিয়ে থেকেও যে ম্যাচটা হারেনি রহমতগঞ্জ, তা শুধুই ভাগ্যের জোরে। ম্যাচের পর কোচ কামাল বাবুও সেটাই বললেন, ‘এমন কন্ডিশনে ম্যাচটা হেরেও যেতে পারতাম। এই আবহাওয়ায় খেলা খুব কঠিন।’
চার মিনিটে সিও জুনাপিওর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাম প্রান্ত দিয়ে ফয়সালের ক্রস, হেডে বলটা সোহেল মিয়া দেন জুনাপিওর কাছে। জুনাপিওর প্লেসিংয়ে ১-০। ১৩ মিনিটে ১-১ করেন আরামবাগের ফরোয়ার্ড সাজিদ। ইয়োকো সামনিকের বাড়িয়ে দেওয়া লম্বা বল ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন সাজিদ (১-১)। ২১ মিনিটে আরামবাগকে জয়ের স্বপ্ন দেখান ডিফেন্ডার সজীব। আবদুল্লাহর নেওয়া কর্নারে উড়ে আসা বল মাথা ছুঁয়ে দ্বিতীয় গোলটি এনে দেন সজীব। গোল শোধে মরিয়া রহমতগঞ্জ ৬৪ মিনিটে করল ২-২। দাউদা সিসের ক্রসে জটলার মধ্যে মিডফিল্ডার মাহবুব হাসান প্লেসিংয়ে সমতা ফিরল ম্যাচে। বাকি সময়ে দুই দল জয়সূচক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।
এই ড্রয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে রইল রহমতগঞ্জ। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে ওঠে আরামবাগ। প্রিমিয়ার লিগের ময়মনসিংহ পর্ব শেষ হচ্ছে আজ।
আজকের খেলা: ঢাকা আবাহনী-ব্রাদার্স (বিকেল ৪টা, ময়মনসিংহ স্টেডিয়াম)।