
‘পরের ম্যাচটা ড্র হলে তো আমাদের জন্য ভালোই হয়’-রিয়ালের ম্যাচ শেষে জিনেদিন জিদান যখন কথাটা বলেছেন, বার্সেলোনা-অ্যাটলেটিকোর ম্যাচটা তখনো চলছে। রিয়াল কোচ তখনো জানেন না, খানিকটা রসিকতা করে বলা কথাটাই ঘণ্টা খানেক পর এভাবে ফলে যাবে!
বার্নাব্যু আর ন্যু ক্যাম্প-পরশু দুই স্টেডিয়ামই শেষ পর্যন্ত হতাশায় আচ্ছন্ন। এক দিক দিয়ে দেখলে বার্সেলোনার হতাশাই বেশি হওয়ার কথা। রিয়াল মাদ্রিদ হোঁচট খাওয়ার পর যে তারা নিজেদের মাঠে সুযোগটা কাজে লাগাতে পারেনি। ওদিকে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়ানোর হতাশা তো আছেই, ইতিহাস গড়ার দারুণ একটা সুযোগ হাতছাড়া করার আক্ষেপও হয়তো পোড়াচ্ছে রিয়ালকে। এই ড্রতেই থেমে গেছে রিয়ালের টানা ১৬ ম্যাচের জয়রথ। অথচ ম্যাচটা জিতলে লা লিগায় টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা শুধুই নিজেদের করে নিত রিয়াল। ২০১০-১১ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে টানা ১৬ ম্যাচ জিতেছিল বার্সেলোনাও।
অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে অবশ্য খুব একটা মন খারাপ করবেন না। বার্সার কাছে আগের আটটা ম্যাচের সাতটিতেই হেরেছিল অ্যাটলেটিকো, তাদের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরে আসতে পারাটা তো ‘অর্জন’ই বলতে হবে। সিমিওনে সরাসরি তা না বললেও তাঁর কণ্ঠে সন্তুষ্টির সুর, ‘বার্সার মাঠ থেকে ভালো কিছু নিয়ে ফেরা আমাদের জন্য সব সময়ই কঠিন। প্রথমার্ধে আমরা রক্ষণ ভালো করেছি, কিন্তু প্রতি আক্রমণ করতে পারিনি। দ্বিতীয়ার্ধে অবশ্য আমরা অনেক বেশি বিপজ্জনক ছিলাম।’ এনরিকে অবশ্য ড্রটা ঠিক মেনে নিতে পারছেন না, ‘এ ধরনের ম্যাচে অনেক ছোটখাটো ব্যাপার ব্যবধান গড়ে দিতে পারে। তবে আমাদের এই ম্যাচ থেকে আরও বেশি কিছু পাওয়া উচিত ছিল।’ ইভান রাকিটিচের গোলে আগে বার্সাই এগিয়ে গিয়েছিল, পরে বদলি হিসেবে অ্যাটলেটিকোর হয়ে সমতা ফিরিয়েছেন অ্যাঙ্গেল কোরেয়া।
অ্যাটলেটিকোর মতো রিয়ালও পিছিয়েই পড়েছিল। প্রথমার্ধ শেষের ঠিক আগে ব্রুনো সোরিয়ানোর পেনাল্টিতে এগিয়ে যায় ভিয়ারিয়াল। প্রতিপক্ষকে যিনি পেনাল্টিটা ‘উপহার’ দিয়েছিলেন, সেই সার্জিও রামোসই দ্বিতীয়ার্ধে গোল করে ‘প্রায়শ্চিত্ত’ করেন ভুলের। শেষ দিকে চেষ্টা করেও আর গোল করতে পারেনি রিয়াল। জিদান স্বাভাবিকভাবেই একটু হতাশ, ‘প্রতিদিন তো আর আপনি শেষ মুহূর্তের গোলে ম্যাচ জিতবেন না। আজ আমরা প্রথমার্ধটা এত বাজে খেলেছি। আর এমন না যে, এ রকম এই প্রথমই হলো। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’
ড্র করে পয়েন্ট হারালেও লা লিগার শীর্ষস্থানটা অবশ্য ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে সেভিয়া, ১০ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে চারে। এএফপি।