সুযোগটা নিতে পারল না অ্যাটলেটিকো

পিএসভির মাঠে ম্যাচটা জিতে সুবিধাজনক জায়গায় চলে যাওয়ার সুযোগ হাতের নাগালেই ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু তা আর নিতে পারল কই চ্যাম্পিয়নস লিগে ২০১৩-১৪ মৌসুমের ফাইনালিস্টরা! প্রথমার্ধে গোটা দুই নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করার পর শেষ ২০ মিনিট পিএসভি দশজনের দলে পরিণত হয়েছিল। তাতেও গোল করতে পারেনি অ্যাটলেটিকো। গোলশূন্য ড্র’তেই তারা শেষ করেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় প্রথম লেগ।
পুরো ম্যাচেই গোলের সুযোগ বেশ কয়েকবার এসেছিল অ্যাটলেটিকোর সামনে। কিন্তু লক্ষ্যভেদের দুর্বলতায় গোলের দেখা পায়নি। বল পজেশনে পিএসভি এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ তৈরিতে দলটির ব্যর্থতা ছিল চোখে পড়ার মতোই।
৩০ মিনিটে অ্যাটলেটিকো এগিয়ে যাওয়ার সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করে। ফরাসি স্ট্রাইকার অ্যান্তোনি গ্রিজম্যান পিএসভি গোলরক্ষককে একা পেয়েও বল গোলে ঠেলতে পারেননি। প্রথমার্ধেই আরও দুটি সহজ সুযোগ নষ্ট করলেন লুসিয়ানো ভিয়েতো ও কোকে। প্রথমার্ধে এগিয়ে যেতে পারত পিএসভিও। গাস্তোন পেরেইরোর বাড়িয়ে দেওয়া বল ধরে অ্যাটলেটিকোর পোস্টের খুব কাছ থেকে শট নেন ড্যাভি প্রোপার। কিন্তু সেই শট রুখে দেন গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে ভিয়েতোর বদলি হিসেবে নামেন ফার্নান্দো তোরেস। কিন্তু তিনিও নষ্ট করেন দারুণ একটি সুযোগ। হুয়ানফ্রানের ক্রস থেকে বল পেয়ে তোরেসের শট যায় পোস্টের ওপর দিয়ে। শেষ ২০ মিনিট দশজনের দল নিয়ে খেলতে হলো পিএসভিকে। তাদের উরুগুইয়ান ডিফেন্ডার পেরেইরো অ্যাটলেটিকোর ডিয়েগো গডিনকে অহেতুক কনুই মেরে দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন পেরেইরো।
দ্বিতীয়ার্ধে পিএসভির একটি পেনাল্টির দাবি নাকচ করে দেন রেফারি। নিজেদের রক্ষণসীমায় পিএসভির ইয়ূর্গেন লোসাডিয়াকে ফেলে দিয়েছিলেন অ্যাটলেটিকোর গাবি। কিন্তু দর্শকদের তুমুল দাবির মুখেও রেফারি গাবির ট্যাকলে কোনো ত্রুটি খুঁজে পাননি। সূত্র: এএফপি।