সুযোগ হারাল আর্সেনাল, মার্টিনার 'কার্লোস' গোল!

১৯৯৭ সালের কনফেডারেশন কাপে ফ্রান্সের বিপক্ষে রবার্তো কার্লোসের সেই গোলটির কথা মনে আছে? ৩৫ গজ দূর থেকে এঁকে-বেঁকে যাওয়া ফ্রি কিকে যে গোলটি করেছিলেন ব্রাজিল লেফট ব্যাক? ১৮ বছর পর কার্লোসের সেই দুর্দান্ত গোলটির কথা কাল আবার মনে করিয়ে দিলেন কুকো মার্টিনা। আর্সেনালের সঙ্গে বক্সিং ডে’র ম্যাচে ঘরের মাঠের সমর্থকদের যেন বড়দিনের দুর্দান্ত উপহারই দিলেন এই সাউদাম্পটন রাইট ব্যাক।
ম্যাচের বয়স তখন মাত্র ১৯ মিনিট। বক্সে ভেসে আসা ক্রসটি ঠিকভাবে ক্লিয়ার করতে পারলেন না আর্সেনাল ডিফেন্ডার পার মার্টেসাকার। বল গিয়ে পড়ল বক্সের বাঁ পাশে। কিন্তু কারওই যেন বলটি ধরার জন্য কোনো আগ্রহ নেই। না সাউদাম্পটনের স্ট্রাইকারদের, না আর্সেনাল ডিফেন্ডারদের। অবশেষে বলটিকে ‘অবজ্ঞা’র হাত থেকে বাঁচালেন এই প্রথম সাউদাম্পটনের প্রথম একাদশে সুযোগ পাওয়া মার্টিনা। তাও কী অসাধারণভাবে! ২৫ গজ দূর থেকে পড়ন্ত বলটিতে পায়ের বাইরের অংশ দিয়ে করলেন দুর্দান্ত এক হাফ ভলি! বলটি এঁকে বেঁকে জড়িয়ে গেল আর্সেনাল পোস্টের ডান কোণে।
মার্টিনার এই গোলের সঙ্গে রবার্তো কার্লোসের গোলটির অবশ্য একটু পার্থক্য আছে। বল যেরকম বাঁক খেয়েছে, তার মাত্রা কাছাকাছি ছিল ঠিকই, তবে বাঁক খাওয়ার ধরনটা একটু আলাদা ছিল। সহজ ভাবে বলতে গেলে, গণিতে প্রথম বন্ধনীর দুই অংশের মতো ব্যবধান। ডান পায়ের মার্টিনার গোলে বাঁকটা যদি বন্ধনীর প্রথম অংশের মতো হয়, তবে কার্লোসের বাঁ পায়ের শটের বাঁক ছিল অনেকটা বন্ধনীর পরের অংশের মতো।
পার্থক্য আছে ম্যাচের ভাগ্যেও। কার্লোসের গোলের পরও ওই ম্যাচটি ড্র করেছিল ব্রাজিল। তুলনায় মার্টিনার ভাগ্য অনেক বেশি ভালো ছিল। তাঁর গোল দিয়ে শুরু। এরপর দ্বিতীয়ার্ধে স্ট্রাইকার শেন লংয়ের জোড়া গোল আর অধিনায়ক হোসে ফন্টের গোলে কাল আর্সেনালকে ৪-০ গোলে হারের লজ্জা উপহার দিয়েছে সাউদাম্পটন।
এই পরাজয়ে ‘গানার’দের বড়দিনের উৎসবটাও গেল মাটি হয়ে। গত সোমবার ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছিল আর্সেনাল। ২০০৪ সালের পর শিরোপা স্বপ্ন নিয়ে বড়দিনের উৎসবে গিয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। আগের ম্যাচে শীর্ষে থাকা লেস্টার লিভারপুলের কাছে হেরে যাওয়ায় আর্সেনালের সামনে এসেছিল বিরাট সুযোগ, হ্যাঁ, শীর্ষে যাওয়ারই। কিন্তু তা আর হলো কই! যদিও এই এক পরাজয়েই শিরোপা স্বপ্ন ধুলোয় মিশে যায়নি, কিন্তু একটা বড় ধাক্কা তো খেল। অনেক সহজে যে ম্যাচে জেতার কথা, যে প্রতিপক্ষ গত ছয় ম্যাচে জয়ের মুখ দেখেনি, তাদের সঙ্গেই কিনা আর্সেনাল হারল এমন ব্যবধানে!
গত ম্যাচে সিটিকে নাচিয়ে বেড়ানো ওজিল ছিলেন বোতল বন্দী। জিরু-ওয়ালকট-রামসেরাও ছিলেন অলস, ধারহীন। পুরো ম্যাচে সাউদাম্পটনের সাদিও মানে ও লংয়ের গতির সঙ্গে লড়াইয়ে খাবি খেয়েছে আর্সেনালের ডিফেন্স। পরাজয় বড়, সেটি সমস্যা নয়। আর্সেনালের খেলার ধরনটাই দিন চারেক আগে জেগে ওঠা শিরোপা স্বপ্নটাকে ফেলে দিয়েছে শঙ্কায়।
ম্যাচ শেষে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও স্বীকার করে নিলেন, বড্ড অচেনা ছিল আর্সেনাল। ম্যাচটিকে ‘অনেক বেশি শারীরিক’ দাবি করে ওয়েঙ্গার বললেন, ‘ম্যাচের বেশির ভাগ ছোট ছোট লড়াইয়ে আমরা হেরে গেছি।
ওরা আমাদের চেয়ে অনেক বেশি ক্ষুরধার ছিল। সাউদাম্পটনকে বাহবা দিতেই হবে। ওরা সবটুকু দিয়ে লড়াই করেছে। আর প্রথম গোল হওয়ার পরই বোঝা যাচ্ছিল, কঠিন হবে ম্যাচটা।’ তবে রেফারিরও কিছু সিদ্ধান্তে নাখোশ ওয়েঙ্গার। প্রথম গোলটির ঠিক আগে বক্সে ক্রস আসার সময়ে একটি অফসাইড কিংবা দ্বিতীয় গোলটির সময়ে সাউদাম্পটনের লং আর্সেনাল ডিফেন্ডার কসিয়েলনিকে ফাউল করেছিলেন বলে দাবি ওয়েঙ্গার। সেই সিদ্ধান্তগুলো পক্ষে না আসায় একটু হতাশ এই ফ্রেঞ্চ কোচ।
তবে এর চেয়েও বেশি হতাশ হবেন তিনি শীর্ষে উঠতে না পেরে। বড়দিনের উৎসবটা যে শীর্ষে থেকে শেষ করতে চেয়েছিলেন ওয়েঙ্গার। তথ্যসূত্র: ইএসপিএন।