সুযোগ হারাল বার্সেলোনা

যদি এই মৌসুমে লিগ জিততে না পারে, তবে মৌসুম শেষে পেছনে ফিরে একটা দলের দিকেই হয়তো ভ্রু কুঁচকে তাকাবে বার্সেলোনা। সেই তাকানোতে একটু রাগও থাকতে পারে, ‘তোমাদের জন্যই লিগ শিরোপাটা হাতছাড়া হয়ে গেল!’ দলটা রিয়াল মাদ্রিদ বা অ্যাটলেটিকো মাদ্রিদ নয়। মালাগা!
লিগে এ মুহূর্তে ১৪তম স্থানে আছে মালাগা, তবে এই মৌসুমে তারাই একমাত্র দল, যারা লিগে দুই ম্যাচে মেসি-নেইমার-সুয়ারেজদের একটা গোলও করতে দেয়নি! নভেম্বরে বার্সেলোনার মাঠে গোলশূন্য ড্র করে এসেছিল, পরশু নিজেদের মাঠে বার্সাকে দিল আরও বড় ধাক্কা। হারিয়ে দিল ২-০ গোলে। যে ম্যাচে আবার বার্সার জার্সি গায়ে প্রথম লাল কার্ড দেখেছেন নেইমার!
কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন আশা-হতাশার নাগরদোলায় চড়ল বার্সেলোনা। পরশু রাতেই অ্যাটলেটিকোর সঙ্গে রিয়াল ড্র করায় বার্সার শিরোপা-স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠেছিল। মালাগার সঙ্গে জিতলেই এক ম্যাচ বেশি খেলে রিয়ালের সঙ্গে পয়েন্ট সমান হয়ে যেত বার্সার। এরপর ২৩ এপ্রিল ‘এল ক্লাসিকো’সহ বাকি ম্যাচগুলোয় জিতলেই হতো, আর অন্যদের দিকে তাকাতে হতো না বার্সাকে। ট্রফিটা উঠত তাদেরই হাতে।
সবকিছুই এলোমেলো করে দিল মালাগা। কোচ মিশেলের দুর্দান্ত পরিকল্পনা মেনে একটা মুহূর্তের জন্যও বার্সেলোনাকে স্বস্তিতে থাকতে দেয়নি তারা। বার্সাকে খেলার জায়গা দেয়নি, আর সুযোগ বুঝে প্রচণ্ড গতিতে উঠেছে প্রতি-আক্রমণে। ৩২ মিনিটে বার্সেলোনারই সাবেক স্ট্রাইকার সান্দ্রো রামিরেজ, আর ৯০ মিনিটে জনি রদ্রিগেজের গোল দুটিও এমনই প্রতি-আক্রমণ থেকে।
বার্সার জন্য আরও বড় ধাক্কা হয়ে এসেছে নেইমারের লাল কার্ড! ৬৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। প্রথমার্ধে মালাগার একটা ফ্রিকিকের সময় বলের সামনে দাঁড়িয়ে জুতোর ফিতে বাঁধায় হলুদ কার্ড দেখেছিলেন, দ্বিতীয়ার্ধে দেখলেন মালাগা ডিফেন্ডার ডিয়েগো ইয়োরেন্তেকে ফাউল করে। লিগে ৫৯ ম্যাচ পর লাল কার্ড দেখলেন বার্সার কোনো খেলোয়াড়।
বিতর্কও ছিল ম্যাচে। দ্বিতীয়ার্ধে মালাগার আদালবার্তো পেনারান্দার গোল বাতিল হয়েছে অফসাইডের ভুল সিদ্ধান্তে। আর মালাগা বক্সে সার্জি রবার্তো ফাউলের শিকার হলেও বার্সেলোনাকে পেনাল্টি না দিয়ে দেওয়া হয়েছে বক্সের বাইরে ফ্রিকিক।
ম্যাচ শেষে বার্সা কোচ লুইস এনরিকে যথারীতি শুধু প্রশ্ন তুলেছেন নিজেদের বিপক্ষে যাওয়া সিদ্ধান্তটা নিয়েই, ‘বুঝতে পারছি না, সার্জি রবার্তোর ওপর ফাউলটা কীভাবে বক্সের বাইরে দেওয়া হলো। তবে আমরা এসবে অভ্যস্ত! এটা কৌতূহল জাগায় যে, আমাদের মতো একটা দল যারা কিনা প্রতিপক্ষকে খুব একটা লাথি মারে না, তারাই এতগুলো প্রশ্নবিদ্ধ হলুদ কার্ড দেখল!’
লিগ-স্বপ্নে ধাক্কা লাগার হতাশাও ঝরল এনরিকের কণ্ঠে, ‘পয়েন্ট তালিকা যেমনই হোক, মাদ্রিদ-বার্সা সব সময়ই আকর্ষণীয় ম্যাচ। তবে আমাদের লিগ জেতাটা অন্য ম্যাচগুলোয় পয়েন্ট পাওয়ার ওপর নির্ভরশীল। আজ বড় সুযোগ ছিল, কিন্তু আমরা পয়েন্ট নিতে পারলাম না।’ এএফপি, বিবিসি।