সুযোগ হারিয়ে মোহামেডানের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখানে বল দখলের লড়াইয়ে শেখ রাসেলের ফজলে রাব্বি জিতলেও মোহামেডানের সঙ্গে ম্যাচটা হয়েছে ড্র। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
এখানে বল দখলের লড়াইয়ে শেখ রাসেলের ফজলে রাব্বি জিতলেও মোহামেডানের সঙ্গে ম্যাচটা হয়েছে ড্র। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় কাল সন্ধ্যায় মোহামেডানের খেলোয়াড়েরা যেন আকাশে বল তুলে মারার প্রতিযোগিতায় নেমেছিলেন। বক্সের ভেতরে দাঁড়িয়ে পোস্টে রাখতে পারলেই গোল, এমন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারেননি কিংসলে, স্যামসন ইলিয়াসু, ফয়সাল মাহমুদরা। ছক্কা মারার মতো একাধিকবার বল মেরেছেন বারের ওপর দিয়ে।

সুযোগ অবশ্য পেয়েছে শেখ রাসেলও। তবে তুলনামূলক মোহামেডানই বেশি সুযোগ পেয়েছে এবং ড্র করায় হতাশাটা তাদেরই বেশি। এই লিগে মোহামেডানের প্রত্যাশামতো ফল না পাওয়ার বড় একটা কারণ এভাবে একের পর এক গোল নষ্ট করা। নিশ্চিত জেতা ম্যাচও হাতছাড়া হচ্ছে ফরোয়ার্ডদের গোলের রাস্তা চিনতে ভুল করায়। আর তা দেখে কোচ সৈয়দ নইমুদ্দিন শুধু একটা কথাই বলেন, ‘এত মিস হলে জিতব কী করে। সবাই যেন গোল করতেই ভুলে যাচ্ছে!’

বড় বাজেটের দল গড়েও মোহামেডান চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ৭ ম্যাচে ৭ পয়েন্ট। শেখ রাসেল এবার তরুণদের নিয়ে দল গড়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট।

আবার লাল কার্ড তপুর

দিনের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের জিততে না পারার জন্য তপুর লাল কার্ড বড় একটা কারণ হতে পারে। প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুইয়ের গুঁতো মারায় লাল কার্ড দেখে তপু মাঠ ছাড়লে চিন্তায় পড়ে যায় সাইফ। লিগে ৭ ম্যাচে এবারের মৌসুমের সবচেয়ে দামি ফুটবলারের এটি দ্বিতীয় লাল কার্ড। মাঠে মেজাজ হারিয়ে ফেলছেন প্রায়শই, তাতে ভুগছে তাঁর দল।

তবে ১০ জনের দলের বিপক্ষে গোল করার ব্যর্থতায় জয় পায়নি বিজেএমসি, যা স্বস্তি হয়েই এসেছে সাইফের জন্য। আবাহনীর কাছে হার দিয়ে লিগ শুরু করা দলটি টানা ৫ ম্যাচ জিতেছিল। সেই জয়ের ধারায় ছেদ পড়ল গতকাল। তাতে লিগ লড়াইয়ে একটু হলেও পিছিয়ে পড়ল বড় বাজেটের দল সাইফ স্পোর্টিং।

লিগে আজ ও আগামীকাল খেলা নেই।