
ইনস্টাগ্রামে একটা ছবি দিয়েই কি সবকিছু বলতে চাইলেন নেইমার?
তাঁকে ঘিরে এত জল্পনা-কল্পনা, বার্সেলোনা-পিএসজিতে টানাটানি, অথচ গত কয়েক দিনে বলতে গেলে কথাই বলেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মধ্যে গতকাল ওই ছবিটা দিয়েছেন ইনস্টাগ্রামে। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতিতে যাওয়া বার্সেলোনা সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন, কিন্তু ছবিটা দেখে মনে হচ্ছে, অনুশীলনের মাঝে একটু বিরতিতেও রাজ্যের চিন্তা ঘিরে ধরেছে তাঁকে। থুতনিতে হাত দিয়ে বসে আছেন, ছবির সঙ্গে জুড়ে দেওয়া ইমোজিতেও চিন্তার ছাপ।
তাঁর নিজের মনেও কি বার্সা-পিএসজি যুদ্ধ চলছে?
এক ছবি নিয়ে এত কথার কারণ, নেইমারের ওই ছবি নিয়েই স্প্যানিশ সংবাদমাধ্যমে তোলপাড়। ওই ছবিতে নাকি ‘লাইক’ দিয়েছেন পিএসজির মার্কো ভেরাত্তি, অ্যাঙ্গেল ডি মারিয়া, কেভিন ট্র্যাপরা! দলবদলের মৌসুমে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দু-একটি ‘লাইকও’ তো তাজা খবর! তার ওপর গত কয়েক দিনে যেখানে নাটক চলছে নেইমারের দলবদল নিয়ে।
তবে গুঞ্জন সত্যি হলে নাটকটা আর দুই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত পরিণতি দেখতে যাচ্ছে। গ্লোবো এস্পোর্তসহ ব্রাজিলের প্রায় সব সংবাদমাধ্যমই দুই দিন আগে জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্প থেকে বার্সেলোনায় নয়, নেইমার চলে যাবেন প্যারিসে। পাকাপাকি কথা বলবেন পিএসজির সঙ্গে। আর বার্সেলোনাভিত্তিক রেডিও কাতালুনিয়া পরশু জানিয়েছে, নেইমারের পিএসজিতে যাওয়ার ৯৫ শতাংশ কাজই শেষ! আরএসিওয়ান নামে আরেকটি বার্সেলোনাভিত্তিক রেডিওও জানিয়েছে, আলোচনাটা অনেক এগিয়ে গেছে।
নেইমারকে নেওয়ার ক্ষেত্রে বার্সেলোনার দেখানো পদ্ধতিই নাকি বার্সেলোনার বিপক্ষে ব্যবহার করছে পিএসজি। সান্তোস থেকে চার বছর আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে আসার সময় গোপনে তাঁর বাবাকে ৪০ মিলিয়ন ইউরো দিয়েছিল বার্সা। পিএসজিও সেই একই পথ ধরেছে। নেইমারকে রাজি করানোর আগে তাঁর বাবাকে ৪০ মিলিয়নেরও বেশি অর্থ দেওয়ার কথা ভাবছে প্যারিসের নব্য ধনী ক্লাবটি।
বার্সাও কি একটু একটু করে হার মানতে শুরু করেছে নেইমারকে ধরে রাখার ব্যাপারে? স্প্যানিশ পত্রিকা মার্কা বার্সার সুর নরম হয়ে আসার ইঙ্গিতই পাচ্ছে। নেইমারকে ঘিরে গুঞ্জনটার যখন শুরু, ক্লাবের সহসভাপতি জর্দি মেস্ত্রে বেশ জোর দিয়েই বলেছিলেন, ‘২০০% নিশ্চিত, নেইমার বার্সাতেই থাকছেন।’ আর পরশু সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ ‘নেইমার কেন যাবেন না’ সেই যুক্তিতে তুলে আনলেন উয়েফার আর্থিক সামঞ্জস্যের নীতির (ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে) কথা। নেইমারের রিলিজ ক্লজের ২২২ মিলিয়ন ইউরো, তাঁর বেতন-বোনাস ও কর মিলিয়ে প্রায় ৬০০ মিলিয়ন ইউরো খরচ হবে পিএসজির। বার্তোমেউ মনে করছেন, এতে নিশ্চিতভাবেই আর্থিক সামঞ্জস্যের নীতি মানা সম্ভব হবে না পিএসজির পক্ষে। যদিও নেইমারের পাশাপাশি বড় অঙ্ক ব্যয়ে আর্সেনাল থেকে অ্যালেক্সিস সানচেজকেও নিয়ে আসার পরিকল্পনা আছে পিএসজির।
নেইমার সত্যিই চলে গেলে বরুসিয়া ডর্টমুন্ডের ওউসমানে ডেমবেলে, জুভেন্টাসের পাওলো দিবালা আর লিভারপুলের ফিলিপে কুতিনহোর দিকে হাত বাড়াতে পারে বার্সা। মার্কা, এএস, স্পোর্ত, লে’কিপ।