সুস্থ আছেন আর্জেন্টিনার গোলকিপার

এই ছবিটাই ভয় ধরিয়ে দিয়েছিল আর্জেন্টাইন সমর্থকদের মনেছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচে আজ দুই পয়েন্ট হারানোর কষ্টের পাশাপাশি আরেকটি বিষয় চিন্তায় ফেলেছিল আর্জেন্টাইন সমর্থকদের। ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। মার্তিনেজের চোট কতটা গুরুতর, সুস্থ আছেন কি না, এ নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়েছিল। অবশেষে আর্জেন্টাইন ভক্তদের স্বস্তি দিয়ে মার্তিনেজ জানিয়েছেন, তিনি সুস্থই আছেন।

ম্যাচের তখন ৩৪ মিনিট। মাঝমাঠের বাঁ প্রান্ত থেকে ডি বক্সে থাকা আতালান্তা সতীর্থ স্ট্রাইকার দুভান জাপাতার উদ্দেশ্যে ডান পায়ে লম্বা একটা ক্রস ফেলেছিলেন লুইস মুরিয়েল। জাপাতা হেড করেও গোলমুখে মারতে পারেননি। বল চলে যায় গোলের সামনে থাকা সতীর্থ ডিফেন্ডার ইয়েরি মিনার উদ্দেশ্যে। রক্ষণ করার পাশাপাশি মাঝেমধ্যেই ওপরে উঠে গোল করে আসা কাজ যার।

এমিলিয়ানো মার্তিনেজ
ছবি : টুইটার

বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার যাতে হেড না করতে পারেন, এ জন্য আগেভাগে বল ক্যাচ ধরতে যান আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। তাতেই হয় ঝামেলা। বল ধরতে গিয়ে মার্তিনেজের মাথার সঙ্গে ধাক্কা লাগে মিনার। অ্যাস্টন ভিলার এই গোলকিপার মাটিতে পড়ে যান। পড়ে যাওয়ার সময়েও আরেকবার মাথায় আঘাত পান। দেখেই মনে হচ্ছিল, চোটটা সুবিধার না। চিলির রেফারি রবের্তো তোবার সময়ক্ষেপণ না করেই মিনাকে হলুদ কার্ড দেখিয়ে দেন। মার্তিনেজ সেটা দেখেছেন কি না, কে জানে। ততক্ষণে যে মাথার আঘাতে জ্ঞান হারানোর অবস্থা তাঁর!

ছয় মিনিট ধরে মাঠের মধ্যে সেবাশুশ্রূষা চলল। তাতেও লাভ হলো না। মার্তিনেজ যে আবারও উঠে খেলতে চাচ্ছিলেন, বোঝা যাচ্ছিল। কিন্তু আর্জেন্টিনার চিকিৎসক দল সেটা হতে দেবে কেন? মাথায় আঘাত পাওয়াটা যে খুব বাজে ব্যাপার। এমন চোট খেলোয়াড়দের জন্য বেশ বিপজ্জনক।

আর্জেন্টিনার জার্সি গায়ে।
ছবি : টূইটার

পরে ৪০ মিনিটের মাথায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় মার্তিনেজকে। সোজা হাসপাতালে পাঠানো হয় এই গোলকিপারকে। ততক্ষণে আর্জেন্টাইন সমর্থকদের মুখে অমাবস্যার আঁধার। কিছুদিন পর কোপা আমেরিকা শুরু হচ্ছে, এমন সময় দলের গুরুত্বপূর্ণ একজন চোটে পড়লে মন প্রসন্ন থাকবে না, সেটাই স্বাভাবিক।

এমনিতেই দলে ভালো গোলকিপারের অভাব বছরের পর বছর ধরে। স্ট্রাইকার, আক্রমণাত্মক মিডফিল্ডার কিংবা উইঙ্গারদের উর্বরভূমি আর্জেন্টিনা কখনোই গোলকিপার কিংবা রক্ষণভাগের বড় তারকা তৈরি করতে পারেনি। ব্যাপারটা গত এক দশকের জন্য আরও বেশি করে প্রযোজ্য। এ সময়ে আর্জেন্টিনার গোলবার সামলেছেন সের্হিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, উইলফ্রেদো কায়েরো, জিরোনিমো রুইয়ি, ফ্রাঙ্কো আরমানি, অগুস্তিন মার্চেসিন, অগুস্তিন ওরিওন, এস্তেবান আনদ্রাদার মতো একাধিক গোলকিপার। কারোর পারফরম্যান্সই ধারাবাহিক ছিল না। ২০১৮ বিশ্বকাপের পর থেকে ঘুরেফিরে ওই আরমানি, মার্চেসিন, আনদ্রাদাদের ওপর ভরসা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। তেমন লাভ হয়নি। রক্ষণভাগের পেছনে তাঁদের ভুল চোখে পড়েছে নিয়মিত।

এর মধ্যেই সবেধন নীলমণি হয়ে এসেছেন এই মার্তিনেজ। প্রায় এক দশক ধরে আর্সেনালে ছিলেন। ধারে খেলে খেলেই পার করেছেন সময়টা। মার্তিনেজকে এক নম্বর গোলরক্ষক হওয়ার সুযোগই দেয়নি আর্সেনাল। বিরক্ত হয়েই ক্লাব ছেড়েছেন এই আর্জেন্টাইন। অ্যাস্টন ভিলায় গিয়ে দেখালেন তাঁর সামর্থ্য। সদ্য শেষ হওয়া মৌসুমে ম্যানচেস্টার সিটির এদেরসন আর চেলসির এদোয়ার্দ মেন্দির পর মার্তিনেজই প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচে (১৫) সুরক্ষিত রেখেছিলেন ভিলার জাল। শুধু তা-ই নয়, তাঁর দুর্দান্ত শট থামানোর ক্ষমতা ও রিফ্লেক্স চোখে পড়ার মতো।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ
টুইটার

মার্তিনেজকে কেন মূল একাদশে খেলানো হয় না, এ নিয়ে বিশ্বজোড়া আর্জেন্টাইন ভক্তদের অনেক আক্ষেপ ছিল। স্কোয়াডে ডাক পেতেন ঠিকই, কিন্তু আরমানি বা মার্চেসিনদের কাছে বারবার মূল একাদশের জায়গা হারাতেন। বেঞ্চেই বসে থাকতে হতো। সে আক্ষেপ গত ম্যাচেই ঘুচিয়েছিলেন স্কালোনি। চিলির বিপক্ষে অভিষিক্ত মার্তিনেজ গতকাল নেমেছিলেন দ্বিতীয় ম্যাচ খেলতে। দ্বিতীয় ম্যাচেই বিপত্তি। আর্জেন্টাইন সমর্থকদের বুকে কাঁপন ধরবে না কেন? সামনেই কোপা। মার্তিনেজ এখন চোটে পড়লে গোলবার সামলাবেন কে?

যদিও ম্যাচ শেষে মার্তিনেজের বক্তব্য সে কাঁপন কমিয়েছে। আর্জেন্টিনার আনুষ্ঠানিক টুইটার পেজে মার্তিনেজ জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, ‘আমি এখন ভালো আছি। খুব জোরে আঘাত পেয়েছিলাম। চিকিৎসক দল তাঁদের কাজ করেছেন ঠিকমতো। অবশ্যই আমি খেলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে মাঠ থেকে নিয়ে যেতে হয়েছিল। কারণ, আমি জ্ঞান হারিয়েছিলাম।’

আর্জেন্টিনার টুইটার পেজ আরও জানিয়েছে, মার্তিনেজের ওপর যত স্বাস্থ্য পরীক্ষা চালানো হয়েছিল, সব কটির ফল পজিটিভ এসেছে। ভয়ের কিছু নেই। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দলের সঙ্গে বুয়েনস এইরেসে যাচ্ছেন তিনি।