সুয়ারেজ এগিয়ে রাখলেন 'অচেনা' বার্সেলোনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়ারেজ পথ দেখালেন বার্সেলোনাকে। ছবি: রয়টার্স।
সুয়ারেজ পথ দেখালেন বার্সেলোনাকে। ছবি: রয়টার্স।

গত মৌসুমে ক্লাবের হয়ে ৫৩ ম্যাচে করেছিলেন ৫৯ গোল। মেসি-রোনালদো ছাড়াও যে মৌসুমে কেউ ৫০ গোল করতে পারে, সেই অবিশ্বাস্য ব্যাপারটাই করে দেখিয়েছেন লুইস সুয়ারেজ। গত মৌসুমটা যেখানে শেষ করেছেন, এবারও যেন সেখান থেকেই শুরু করতে যাচ্ছেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার। গোলের জন্য হাপিত্যেশ করতে থাকা কাতালান ক্লাবকে আজ পথ দেখিয়েছেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার। সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়া, পরে মুনির এল হাদ্দাদির গোল মিলিয়ে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে সেভিয়াকে তাদেরই মাঠে গিয়ে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। 

জিতেছে, তবে এই ম্যাচে লুইস এনরিকের অতৃপ্তি থাকবে অনেক। একে তো একটা সময় পর্যন্ত বার্সেলোনার খেলায় ‘বার্সেলোনাসুলভ’ ভাব ছিল না। তা ছাড়া এই ম্যাচে বার্সেলোনা কোচের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চোট!
ম্যাচের তখনো ৩০ মিনিটও হয়নি। এর মধ্যেই বার্সেলোনা ডাগআউটে অস্বস্তির ছাপটা দেখা গেল স্পষ্ট। ডিফেন্ডার জেরেমি ম্যাথুর পর ম্যাচের আধা ঘণ্টা না যেতেই চোট নিয়ে মাঠ ছেড়ে গেছেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাও।
তার ওপর ওই সময় পর্যন্ত মাঠের খেলায়ও বার্সাকে চিনতে হচ্ছিল শুধু জার্সি দেখে। দুই দলের খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, বারবার রেফারির বাঁশিতেই চলে যাচ্ছিল সময়। এর মধ্যেও যা কিছু সুযোগ, তার বেশির ভাগ পেয়েছে সেভিয়া। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি হোর্হে সাম্পাওলির দল। সেটিরই মূল্য দিতে হলো দ্বিতীয়ার্ধে।
দিতে বাধ্য করেছেন সুয়ারেজ। প্রথমার্ধের হতাশা কাটিয়ে কাতালানদের মুখে হাসি ফুটিয়েছেন ৫৪ মিনিটে। বাঁ দিক থেকে ভেসে আসা ক্রসটিকে বক্সের মধ্যে বুক দিয়ে নামিয়ে দিয়েছিলেন আরদা তুরান। এগোতে থাকা সুয়ারেজ দৌড়ে এসে সেটিকে পাঠিয়ে দিয়েছেন জালে।
ওই একটি গোলই যেন পুরো চিত্রনাট্য বদলে দিল, বদলে দিল মনোভাবও। সেভিয়ার খেলোয়াড়েরা যেন মুষড়ে পড়লেন, ওদিকে উজ্জীবিত হয়ে ওঠে বার্সেলোনা। বদলি হিসেবে নামা মুনির এল হাদ্দাদি দুর্দান্ত খেলেছেন, প্রথমার্ধে অনেকটা নিষ্প্রভ থাকা লিওনেল মেসিও দেখা দিয়েছেন চেনা রূপে (খেলার বিচারে, চুলের রং নয়)। ইনিয়েস্তা মাঠ ছেড়ে যাওয়ার পর নিজেই নেমে এসে খেলা গড়ে দেওয়ার কাজে নেমেছিলেন। মেসি-মুনিরের যুগলবন্দীতেই এল দ্বিতীয় গোল। বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের ফাঁক গলে মেসির ‘ট্রেডমার্ক’ পাস ধরেই গোল করেন মুনির।
ওই গোলই মৌসুমে প্রথম শিরোপার সুবাস দিচ্ছে বার্সেলোনাকে। আগামী বুধবার বার্সেলোনার মাঠে হবে দ্বিতীয় লেগ। সূত্র: সনি সিক্স, গোলডটকম।