সুয়ারেজ কি খেলবেন কাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে সুয়ারেজ
অনুশীলনে সুয়ারেজ

কোটি টাকার প্রশ্ন বলে যদি আসলেই কিছু থেকে থাকে, উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ আর সমর্থকদের কাছে সেটি এখন এ প্রশ্নটি। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে এবারের কোপায় নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে উরুগুয়ে। কোপা আমেরিকার সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়নদের জন্য যেটি বাঁচা-মরার ম্যাচ। ওই ম্যাচে সুয়ারেজকে খেলতে দেখতে চাওয়া তো এখন দেশটির জাতীয় ‘প্রার্থনা’য় রূপ নেওয়ার কথা!
টুর্নামেন্টের শুরুটা এর চেয়ে খারাপ বোধ হয় আর হতে পারত না উরুগুয়ের জন্য। শিকাগোতে মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে গডিন-কাভানিদের ‘স্বাগত’ জানানো হয়েছে ভুল জাতীয় সংগীত বাজিয়ে। হতবাক ভাবটা কাটিয়ে উঠতে না উঠতে মাঠে যা হলো, সেটিও উরুগুয়ের জন্য রীতিমতো দুঃস্বপ্ন। ১০ জনের দল হয়ে পড়া উরুগুয়ে টুর্নামেন্ট শুরু করেছে ৩-১ গোলের হার দিয়ে। কালকের ম্যাচের আগেও তাই ফিরে আসছে গত ম্যাচের দুঃস্বপ্ন।
সাদাচোখে হিসাব করলে ম্যাচটা উরুগুয়ের জন্য ‘ডালভাত’। র্যা ঙ্কিংয়ে ৭৭তম ভেনেজুয়েলা তর্ক সাপেক্ষে দক্ষিণ আমেরিকার সবচেয়ে দুর্বল দল। নিজের মহাদেশ থেকে এখনো বিশ্বকাপে খেলতে না-পারা একমাত্র দলও। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বেও ৬ ম্যাচে জয়হীন, ১ পয়েন্ট নিয়ে আছে ১০ দলের পয়েন্ট তালিকায় সবার শেষে। উরুগুয়ের এই ম্যাচে ভাবনা কী!
ভাবনা আছে। এই কোপা আমেরিকায় প্রথম ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। কাল দলটি কোনো চমক উপহার দিলে উরুগুয়ের ভাগ্যে বিদায় লেখা হয়ে যেতে পারে। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ অবশ্য জয় ছাড়া কিছু ভাবছেন না। মেক্সিকোর কাছে হারের পরই বলেছিলেন, ‘ভেনেজুয়েলার বিপক্ষে বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়ব। না জিতলেই তো বাদ। আমাদের ভালো খেলতে হবে, তারপর দেখা যাক কী হয়। আমরা শান্ত আছি, কারণ অনেক দলই টুর্নামেন্টে প্রথম ম্যাচে হেরে পরে চ্যাম্পিয়ন হয়েছিল।’
চ্যাম্পিয়ন হবে কি না, সেটি পরের চিন্তা। কিন্তু এর চেয়েও উরুগুয়ের বড় ভাবনার কথা তো শুরুতেই বলা হলো—কাল সুয়ারেজকে পাওয়া যাবে তো? হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া বার্সেলোনা স্ট্রাইকার প্রথম ম্যাচে খেলতে পারেননি। আগামীকাল খেলবেন কি না, এ নিয়ে সুনির্দিষ্ট কিছু কাল পর্যন্তও জানা যায়নি। তবে বাঁচা-মরার এই ম্যাচে সুয়ারেজকে খেলানোর সবটুকু চেষ্টা নিশ্চয়ই করবে উরুগুয়ে।
জিতলেই কোয়ার্টার ফাইনাল—এই সমীকরণ নিয়ে দিনের অন্য ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে মেক্সিকো। নতুন কোচ কার্লোস ওসোরিওর অধীনে আট ম্যাচে এখনো হারেনি দলটি, টুর্নামেন্টে প্রথম ম্যাচে হারিয়েছে উরুগুয়ের মতো পরাশক্তিকে। জ্যামাইকা কি আর পারবে মেক্সিকোর পথে কাঁটা বিছাতে? ফোরফোরটু।