সুয়ারেজ ভেবেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত ফর্ম বলতে যা বোঝায় লুইস সুয়ারেজের এখন ঠিক সেটাই চলছে। বার্সার হয়ে এই মৌসুমে ৩৪ ম্যাচে করেছেন ৩৬ গোল! অথচ এই সুয়ারেজই কাতালান দলটিতে মানিয়ে নিতে পারবেন কি না সেটি ভেবে উদ্বিগ্ন ছিলেন, ‘প্রথম দিকে তো আমার মনেই হয়েছিল বার্সার খেলার ধরনের সঙ্গে আমি মানিয়ে নিতে পারব না।’ ২০১৪ সালে বার্সায় যোগ দেওয়ার আগে খেলতেন লিভারপুলে। ইংলিশ লিগের দলটির খেলার সঙ্গে কাতালান দলটির খেলার ধরনে অনেক পার্থক্য। ওটাই ছিল উরুগুইয়ান স্ট্রাইকারের উদ্বেগের কারণ, ‘এত বেশি টিকি-টাকা। আমার মনে হয়েছিল সেখানে আমি খেলার মতো পর্যাপ্ত জায়গা পাব না। এটা আমার কাছে খুবই কঠিন মনে হয়েছিল এবং তা নিয়ে চিন্তিত ছিলাম।’ সতীর্থ ও কোচের সহযোগিতায় সেই উদ্বেগ বা ভয়টা কাটিয়ে উঠেছেন। বার্সার ভয়ংকর ‘ত্রিফলা’র একজন হয়ে ওঠার পেছনে সুয়ারেজ মেসি-নেইমারেরও ভূমিকা দেখেন ‘লিও ও নেইর সঙ্গে ভালো সম্পর্ক আমার। মাঠের বাইরের এই সম্পর্কটারই প্রভাব পড়ে মাঠে।’ আইএনএসএস।