সুয়ারেজ যেখানে এগিয়ে

ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির বাইরে সর্বশেষ গোল্ডেন বুট কে জিতেছেন বলুন তো? অনেকেরই মনে থাকার কথা, লুইস সুয়ারেজ তিন বছর আগে ট্রফিটা ভাগাভাগি করেছিলেন রোনালদোর সঙ্গে। এবার সেটা পাবেন কি না এখনই বলা মুশকিল, তবে একটা দিক দিয়ে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেছেন উরুগুইয়ান স্ট্রাইকার। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে সুয়ারেজই সবার আগে ৩০ গোল করে ফেলেছেন।
দুই দিন আগে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে কোপা ডেল রের ম্যাচে গোল পেয়েছেন সুয়ারেজ। মাত্র ৩১ ম্যাচ খেলে এই মৌসুমে ৩০ গোল হয়ে গেছে তাতেই। বার্সার স্ট্রাইকার সবচেয়ে বেশি ১৮ গোল করেছেন লা লিগাতেই। চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপে করেছেন ৫টি করে। ১টি করে গোল আছে উয়েফা সুপার কাপ ও কোপা ডেল রেতে। ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে ৩০ গোলের সীমানা ছাড়িয়েছেন, নিষেধাজ্ঞার খাঁড়ায় না পড়লে সেটি গত মৌসুমেও হয়তো হয়ে যেত। দুই বার্সেলোনা সতীর্থ মেসি-নেইমার অনেকটাই পিছিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি করেছেন ২০ গোল, নেইমারের গোল ২১টি।
রোনালদো অবশ্য খুব পিছিয়ে নেই। ২৭ গোল করে সুয়ারেজের পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোল তাঁরই। ডর্টমুন্ডের পিয়েরে এমেরিক অবায়েমাংয়ের গোলও ২৭টি। ২৫ গোল আছে বায়ার্নের রবার্ট লেভানডফস্কি ও অ্যাথলেটিক বিলবাওয়ের আরিজ আদুরিজের। এএস।