সুয়ারেজ ১: ০ নেইমার

কথা ছিল যিনি জিতবেন, তাঁকে বার্গার কিনে খাওয়াবেন পরাজিত জন। তবে ব্রাজিলের রেসিফেতে গতকাল ভোরে ম্যাচটা হয়ে যাওয়ার পর সেই বার্গারটা কারোরই খাওয়া হলো না। সুয়ারেজ-নেইমারের কেউই যে জিততে পারলেন না! ব্রাজিল-উরুগুয়ে ম্যাচটা ড্র হয়েছে ২-২ গোলে।
জাতীয় দলে এসে প্রতিপক্ষ হয়ে গেলেও ক্লাব বার্সেলোনার তাঁরা প্রাণের বন্ধু। তো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা সামনে রেখে দুই বন্ধু মজা করে এই বার্গার বাজি ধরেছিলেন। যে বাজির মীমাংসা করতে হলে এখন আরও একটা ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের অপেক্ষায় থাকতে হবে।
জিততে না পারলেও শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছিল নেইমারের দল ব্রাজিলের। প্রথম মিনিটেই উইলিয়ানের দারুণ এক ক্রসে শুয়ে পড়ে পা বাড়িয়ে বল জালে জড়ান বায়ার্ন মিউনিখ উইঙ্গার ডগলাস কস্তা। ম্যাচের ২৬ মিনিটে নেইমারের পাসে ব্যবধান বাড়ান রেনাতো অগুস্তো। ব্রাজিল তখন এগিয়ে ২-০ গোলে।
কিন্তু নাটকের তখনো অনেকটা বাকি ছিল! পাঁচ মিনিট পরেই এডিনসন কাভানির গোলে ব্যবধান ২-১ করে ফেলে উরুগুয়ে। বাকি গল্পটা সুয়ারেজের। ব্রাজিল বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দিয়ে নিষিদ্ধ হওয়ার প্রায় ২৫ মাস পর আবারও দেশের জার্সিটা গায়ে তোলার সুযোগ পেলেন। এমন একটা উপলক্ষকে স্মরণীয়ই করে রাখলেন সুয়ারেজ। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরান বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে ৮৩তম ম্যাচে এটি তাঁর ৪৫ নম্বর গোল।
এগিয়ে থেকেও জিততে না পারায় হতাশ কার্লোস দুঙ্গা। তবে প্রতিপক্ষ দুই স্ট্রাইকারের প্রশংসাও ছিল ব্রাজিল কোচের কণ্ঠে, ‘যে দলে কাভানি আর সুয়ারেজের মতো স্ট্রাইকার খেলে, তাদের বিপক্ষে জেতা সহজ নয় মোটেও।’ সুয়ারেজ অবশ্য প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে পেরেই বেশি আপ্লুত, ‘এটা (গোল) আমার পরিবারের জন্য। আমি অনেক ভুগেছি, ওই সময়টা ওরা আমার পাশে ছিল।’
এ ড্র দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৫ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া উরুগুয়েকে রাখল দ্বিতীয় স্থানে, সমান ম্যাচে ৮ পয়েন্ট ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইকুয়েডর। এএফপি।