সুয়ারেজকে নিয়ে নেইমারের মজা

শুধু মাঠেই তাঁর সদর্প বিচরণ নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব উপস্থিতি নেইমারের। টুইটার-ইনস্টাগ্রামে নিয়মিতই ভক্তদের খোরাক দিয়ে যান। এসব পোস্টে তাঁর রসিক মনের পরিচয় মিলে প্রায়ই। এইবারের বিপক্ষে বার্সেলোনার গত ম্যাচের পর আবারও রসবোধের প্রমাণ দিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সতীর্থ সুয়ারেজের পোশাক-আশাক নিয়ে মজা করে।
গত রোববার বার্সেলোনার হয়ে মাঠে নামার বর্ষপূর্তি ছিল সুয়ারেজের। উপলক্ষটা স্মরণীয় করে রাখার জন্য সবচেয়ে ভালো উপায়ই বেছে নিয়েছেন এই উরুগুইয়ান। পিছিয়ে পড়া দলকে জিতিয়েছেন হ্যাটট্রিক করে। তাঁর দুটি গোলেই সহায়তা করেছেন নেইমার। মেসির অনুপস্থিতিতে বার্সেলোনাকে নেতৃত্ব দেওয়ার কাজটি ভাগাভাগি করে নিয়েছেন দুজন। মাঠ ও মাঠের বাইরে ‘এমএসএন’ ত্রয়ীর বন্ধুত্বটাও ভালোই জমে উঠেছে। তাই সুয়ারেজের এমন উপলক্ষকে উদ্যাপন করলেন তিনজন মিলেই। ম্যাচের একটু পরই নেইমারের ইনস্টাগ্রামে দেখা গেছে তিনজনের উদ্যাপনের একটি ছবি। যেটিতে কেতাদুরস্ত পোশাকে মেসি-নেইমার, কিন্তু সুয়ারেজ একেবারেই অগোছালো। গায়ে টি শার্ট আর শর্টস, পায়ে কোনো জুতো পর্যন্ত নেই। ফ্যাশন-সচেতন নেইমার যা নিয়ে মজাই করলেন, ‘দলের জন্য দারুণ একটি ম্যাচ ছিল। গোলগুলোর জন্য সুয়ারেজকে অভিনন্দন, তবে পোশাকের জন্য নয়।’ সূত্র: গোল ডটকম/ইনস্টাগ্রাম