সুয়ারেজকে মনে করিয়ে দিলেন বাইবেক

ঘানার বিপক্ষে গোললাইন থেকে হাত দিয়ে বল ঠেকিয়ে নিশ্চিত গোল রক্ষা করেছিলেন উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। স্বাভাবিকভাবে শাস্তি হিসেবে সুয়ারেজকে লাল কার্ড দেখানোর সঙ্গে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ঘানার স্ট্রাইকার আসামো জিয়ান। পরবর্তী সময়ে টাইব্রেকারে ঘানাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল উরুগুয়ে।
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গল্প। সাত বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সুয়ারেজের কথা মনে করিয়ে দিলেন টিম বিজেএমসির আফ্রিকান ডিফেন্ডার বাইবেক ইসাই। রহমতগঞ্জের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থাকা ম্যাচের শেষ দিকে গোললাইন থেকে হাত দিয়ে বল ঠেকিয়ে গোল রক্ষা করেন বাইবেক। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন রহমতগঞ্জের মুস্তাফা জাত্তা। বাম দিকে ঝাঁপিয়ে বলটি রক্ষা করেন বিজেএমসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল। শেষে ম্যাচে ২-১ গোলে জয় পায় বিজেএমসি। প্রেসবক্সে সবার মনে পড়ল সুয়ারেজের কথা।
ম্যাচটি শুরুর আগে বিজেএমসির অবস্থান ছিল ১২ দলের মধ্যে দশম স্থানে। তারা মরিয়া হয়ে জিততে নেমেছিল। ১৯ মিনিটেই মেহেদী হাসান তপুর গোলে এগিয়ে যায় বিজেএমসি। তিন মিনিট পরেই রহমতগঞ্জকে সমতায় ফেরান নাইজেরিয়ান ডিফেন্ডার মানডে ওসাগিয়ে। আবার বিরতিতে যাওয়ার আগেই শিমুলের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন ক্যামেরুনের ডিফেন্ডার বাইবেক। শেষে আবার তিনিই গোললাইন থেকে হাত দিয়ে বল ঠেকিয়ে দিয়েছেন। শেষে স্পটকিক থেকে রহমতগঞ্জ গোল করতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত বাইবেকই নায়ক। লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও গুরুত্বপূর্ণ ম্যাচে দল জিতেছে, এটাই তো আসল।
এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তাদেরকে বসিয়েছে মোহামেডানের ওপরে ৭ নম্বরে। মোহামেডানের পয়েন্ট ৮। হেরেও ১০ পয়েন্ট নিয়ে বিজেএমসির ওপরে রহমতগঞ্জ।