সুয়ারেজকে মরিনহোর পাল্টা
বিদ্রূপ করতে কখনোই সংকোচ নেই তাঁর। পরশু লুইস সুয়ারেজকে যেভাবে ‘ইটের বদলে পাটকেল’ মারলেন, তা কি না হোসে মরিনহোকে স্বরূপে তুলে ধরেছে আরও একবার।
নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনীতে বোমাটা ফাটিয়েছেন লুইস সুয়ারেজ । গত মৌসুমে প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল লিভারপুল-চেলসি। সুয়ারেজ তখন লিভারপুলের বড় তাস। বইয়ে উরুগুইয়ান স্ট্রাইকার দাবি করেছেন, সে সময় চেলসির একজন খেলোয়াড় তাঁকে বলেছিলেন মরিনহো চেলসির খেলোয়াড়দের সময় নষ্ট করার নির্দেশ দিয়েছেন। ম্যাচটা ২-০ গোলে হেরে শেষ হয়ে গিয়েছিল লিভারপুলের শিরোপা-স্বপ্ন।
সেই ম্যাচ নিয়ে এখনো চাপান উতোর চলছে। বইয়ে লেখা সুয়ারেজের অভিযোগ কানে এসেছে মরিনহোর এবং যথারীতি ‘জ্বলে’ উঠলেন তিনি। শুরুতেই আত্মজীবনী নিয়ে খোঁচা মারলেন সুয়ারেজকে, ‘আরেকটা বই! আপনারা কি বইটা পড়েছেন? আমি কিন্তু পড়িনি। আমার বয়স ৫১, নতুন বই লেখার মতো যথেষ্ট মালমসলা আমার আছে, কিন্তু আমি এখনো লিখিনি। ২০ বা ২৫ বছর বয়সেই কীভাবে আপনি বই লিখে ফেলেন? সেটা কি আপনার শৈশব নিয়ে?’
এটুকু বলেই ক্ষান্ত হননি মরিনহো, সুয়ারেজের বইকে স্রেফ অখাদ্য বলেও খোঁচা মেরেছেন, ‘আমার শ’ খানেক ছবি নিয়ে একটা বই করার প্রস্তাব পেয়েছি, যেখানে আমি কিছু কথাও বলতে পারব। কিন্তু মানুষকে সমালোচনা করে ও উল্টোপাল্টা কথা লিখে বস্তা পচা বই লেখার কোনো মানে হয় না।’
মরিনহোর কথা বলেছেন লিভারপুলের সঙ্গে সেই ম্যাচে ‘সময় নষ্ট’ করার অভিযোগ প্রসঙ্গেও। এবং তা উড়িয়ে তো দিয়েছেনই, রক্ষণাত্মক কৌশলে খেলার পক্ষেও দিয়েছেন যুক্তি, ‘শুধু রক্ষণ দিয়ে তো আপনি জিততে পারবেন না, সুযোগ পেলে প্রতি আক্রমণও করতে হবে, প্রতিপক্ষের ভুলের সুযোগ নেওয়া চাই। আমাদের কাছে বল থাকলে আমরা গোলের চেষ্টা করি, প্রতিপক্ষের কাছে বল থাকলে চেষ্টা করি গোল ঠেকাতে। ফুটবলে অ-আ-ক-খই এটা। কিছু কিছু লোক অতি চালাক সেজে প্রতিপক্ষকে প্রভাবিত করার চেষ্টা করে, এটা ঠিক নয়।’ গার্ডিয়ান।