
চোট কেড়ে নিয়েছে লিওনেল মেসিকে। তাতে কী! লুইস সুয়ারেজ তো আছেন। উরুগুইয়ান স্ট্রাইকারের কল্যাণেই মেসিবিহীন অধ্যায়ের প্রথম দুই ম্যাচে জয় পেল বার্সেলোনা। পরশু ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে পিছিয়ে পড়েও দুই মিনিটের ঝড়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই ন্যু ক্যাম্পেই বার্সার সঙ্গে আগের দেখায় ৭-১ গোলে হারের লজ্জায় ডুবেছিল লেভারকুসেন। দুঃসহ সেই স্মৃতিকে মাটিচাপা দেওয়ার প্রতিজ্ঞাই যেন দেখা যাচ্ছিল জার্মান দলটির খেলায়। শুরু থেকেই বার্সার সীমানায় চাপিয়ে খেলে গেছে ২৩ বছর গড় বয়সের তরুণ দলটি। রক্ষণ থেকে মাঝমাঠে বল এলেই একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন চিচারিতো-বেলারাবিরা। এর ফলও পেয়েছে লেভারকুসেন—প্রথমার্ধে ক্রমাগত বলের দখল হারানো বার্সার সবচেয়ে বেশি সফল পাস ছিল দুই ডিফেন্ডার মাচেরানো ও পিকের!

কাতালানদের চাপে রেখেই ২২ মিনিটে লেভারকুসেনকে প্রাপ্য গোলটা এনে দিয়েছেন ডিফেন্ডার কিরিয়াকোস পাপাদোপুলাস। ৮০ মিনিট পর্যন্ত গোলটা ধরে লেভারকুসেন হেরে গেল ৯২ সেকেন্ডের ‘বার্সা-ঝলকে’। ৮০ মিনিটে সার্জি রবার্তোর সুযোগসন্ধানী গোলে সমতা। আর ৮২ মিনিটে মুনির এল হাদ্দাদির দুর্দান্ত ক্রসটিকে অসাধারণ ফিনিশিংয়ে পূর্ণতা দিয়ে বার্সাকে জয় দেন সুয়ারেজ।
প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে এমন জয়ে তৃপ্ত উরুগুইয়ান স্ট্রাইকার, ‘আমরা সুন্দর ফুটবল খেলতে পারিনি। তবে জয়টা ভীষণ দরকার ছিল। দেখিয়ে দেওয়ার প্রয়োজন ছিল যে আমরাই চ্যাম্পিয়ন।’ আর বার্সা কোচ লুইস এনরিকে খুশি মেসি-বিহীন প্রথম দুই ম্যাচেই জয় পাওয়ায়, ‘কঠিন একটা রাত ছিল। আমাদের সেরা খেলোয়াড়টিকে ছাড়া দ্বিতীয় ম্যাচ এটি, তাতেই দ্বিতীয় জয়।’
তবে এনরিকের এই তৃপ্তির মধ্যে একটু বিষাদও ছায়া ফেলেছে। চোট পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। ৬০ মিনিটের সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় মাঠ থেকে উঠে যান বার্সা অধিনায়ক। এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
পিছিয়ে পড়েও বার্সার মতো করে ফিরে আসা হলো না আর্সেনালের। এমিরেটস স্টেডিয়ামে গ্রিক দল অলিম্পিয়াকোসের কাছে ৩-২ গোলে হেরে গেছে গানাররা। দুবার পিছিয়ে পড়েও থিও ওয়ালকট ও অ্যালেক্সিস সানচেজের গোলে সমতা ফেরায় আর্সেনাল। তবে সানচেজের গোলের ৫৯ সেকেন্ডের মধ্যেই অলিম্পিয়াকোসের হয়ে আলফ্রেড ফিনবোগাসনের গোলটার আর জবাব দিতে পারেনি লন্ডনের দলটি।
এ ম্যাচে ওয়েঙ্গার দলে পরিবর্তন আনেন পাঁচটি। এর মধ্যে পিওতর চেকের জায়গায় গোলপোস্ট সামলানো ডেভিড অসপিনার হাস্যকর ভুলে দ্বিতীয় গোলটি হওয়ায় প্রশ্নবিদ্ধ তাঁর দল নির্বাচন। প্রথম দুই ম্যাচের হার, পরের ম্যাচ দুটি আবার বায়ার্ন মিউনিখের সঙ্গে। তা থেকে ইতিবাচক ফল না এলে ১৬ বছরে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে পারে আর্সেনাল।
বায়ার্নের ফর্মও আর্সেনালকে আশার আলো দেখাচ্ছে না। দেখতে দিচ্ছে না রবার্ট ‘লন্ডভন্ডস্কি’র ফর্ম। পোলিশ স্ট্রাইকারকে পেয়ে বসেছে তীব্র গোলক্ষুধা। ভলফসবুর্গের সঙ্গে পাঁচ ও মেইঞ্জের বিপক্ষে দুই—লিগে পরপর দুই ম্যাচে ৭ গোলের পর পরশু চ্যাম্পিয়নস লিগের ম্যাচে করলেন আরও তিন গোল। ৮ দিনে তিন ম্যাচে ১০ গোল করলেন লেভা! ক্লাব অধিনায়ক ফিলিপ লাম রসিকতা করে তাঁর কাছে প্রতি ম্যাচেই এখন হ্যাটট্রিক দাবি করছেন!
পরশু আলিয়াঞ্জ অ্যারেনায় লেভানডফস্কির হ্যাটট্রিকের সঙ্গে মারিও গোটশে ও ডগলাস কস্তার গোল মিলিয়ে ডায়নামো জাগরেবকে বাভারিয়ানরা উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। কস্তা, কোম্যানদের সঙ্গে থিয়াগো-গোটশে-লেভানডফস্কির ফর্ম মিলিয়ে অপ্রতিরোধ্যই দেখাচ্ছে জার্মান চ্যাম্পিয়নদের।
ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি যেন চড়ে বসেছে উল্টো রথে। প্রিমিয়ার লিগে ফর্ম ভালো যাচ্ছে না। পরশু মরিনহোর পোর্তোয় প্রত্যাবর্তনের ম্যাচেও ২-১ গোলে হেরে গেছে চেলসি। চমক ছিল চেলসির শুরুর একাদশে—ফর্মহীন এডেন হ্যাজার্ড ও নেমানিয়া মাতিচকে বাদ দিয়ে নেওয়া হয় রামিরেস-ওবি মিকেলকে।
আন্দ্রে আন্দ্রের গোলে পিছিয়ে পড়া চেলসিকে বিরতির ঠিক আগে দুর্দান্ত ফ্রি-কিকে ফিরিয়ে আনেন উইলিয়ান। বিরতির পর কর্নার থেকে গোল করে চেলসির দুঃস্বপ্নের প্রহরটা বাড়িয়েছেন পোর্তো ডিফেন্ডার মাইকন। এএফপি।