সুয়ারেজেই ফাইনালে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজের আরেকটি লক্ষ্যভেদী শট। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বার্সা স্ট্রাইকার l এএফপি
লুইস সুয়ারেজের আরেকটি লক্ষ্যভেদী শট। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বার্সা স্ট্রাইকার l এএফপি

কুঁচকির চোট আগেই ছিটকে ফেলেছিল নেইমারকে। ম্যাচ শুরুর আগে অপ্রত্যাশিতভাবে লিওনেল মেসিকেও হারিয়ে ফেলল বার্সেলোনা। কিন্তু ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ‘এমএসএনে’র তৃতীয় ফলা বাকি দুজনের অভাব বুঝতেই দিলেন না। লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে গুয়াংজু এভারগ্রান্ডেকে ৩-০ গোলে হারিয়ে বার্সা উঠে গেল ফাইনালে। আগামী পরশুর সেই ফাইনালে আগে থেকেই পা দিয়ে রেখেছে আর্জেন্টিনার রিভার প্লেট। স্প্যানিশ চ্যাম্পিয়নদের সামনে প্রথম ক্লাব হিসেবে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
এভারগ্রান্ডের সঙ্গে মেসি-নেইমারহীন বার্সারও বড় জয়টাই ছিল প্রত্যাশিত। সুয়ারেজ একাই সেটি নিশ্চিত করার দায়িত্ব নিলেন। এভারগ্রান্ডে অবশ্য ৩৮ মিনিট পর্যন্ত বার্সাকে ঠেকিয়ে রেখেছিল। ৩৯ মিনিটে রাকিতিচের শটটা গুয়াংজু গোলরক্ষক ফিরিয়ে দিয়েছিলেন। ফিরতি বলটা জালে জড়িয়ে দিয়ে প্রতিপক্ষের গোলমুখ খুলে দেন সুয়ারেজ। বিরতির ছয় মিনিট পর আবার সুয়ারেজের গোল, এবার উৎস আন্দ্রেস ইনিয়েস্তার দারুণ একটি পাস। ভলিতে করা সুয়ারেজের দ্বিতীয় গোলটাই ম্যাচের সেরা। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে পূর্ণ করেন হ্যাটট্রিক। টুর্নামেন্টটি ২০০০ সালে বর্তমান নাম নেওয়ার পর প্রথম হ্যাটট্রিক উরুগুয়ের এই স্ট্রাইকারের। আগের সংস্করণ ইন্টারকন্টিনেন্টাল কাপে একমাত্র হ্যাটট্রিকটি কার ছিল জানেন? পেলের, ১৯৬২ সালে সান্তোসের হয়ে সেটি করেছিলেন ব্রাজিল কিংবদন্তি।
ম্যাচের পর সুয়ারেজ যে বার্সা কোচ লুইস এনরিকের এমন অকৃপণ প্রশংসা পাবেন, তাতে বিস্ময়ের কিছু নেই, ‘লুইস সুয়ারেজ বক্সের ভেতর থাকলে সে গোল করবেই। সে অসাধারণ একজন খেলোয়াড়।’ আলাদা করে প্রশস্তি গেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তারও, ‘আন্দ্রেসই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ওর মতো ড্রিবল করতে কজনই বা পারে!’
তবে ম্যাচের ফলের চেয়ে মেসি-নেইমারকে নিয়েই কথা উঠল বেশি। সুয়ারেজই বলে দিয়েছেন সবার কথাটা, ‘ওরা দুজনই জানে না তারা ফাইনালে খেলবে কি না, আমি সেটা কীভাবে বলব?’ এই মৌসুমে এটা তাঁর ২১তম গোল, বার্সার হয়ে সব মিলিয়ে ১৩০তম। বছরের শেষ মাসটাও এখন নিজের করে নেওয়ার অপেক্ষায় উরুগুইয়ান স্ট্রাইকার!
মেসি-নেইমার না খেললেও বার্সা অবশ্য আগাম উদ্যাপন শুরু করে দিতে পারে। ২০১৩ সালে নেইমার দলে যোগ দেওয়ার পর যে কয়টি ম্যাচে দুজন মাঠের বাইরে ছিলেন, তার প্রতিটিতেই বার্সেলোনা জিতেছে! এএফপি।