সুয়ারেজের অভাব টের পাচ্ছে লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টারিজের ওপর এখন লিভারপুলের গোল করার বোঝা ছবি: রয়টার্স।
স্টারিজের ওপর এখন লিভারপুলের গোল করার বোঝা ছবি: রয়টার্স।

মৌসুমের শুরুতেই বড় ম্যাচ! তাতে মুখোমুখি আবার গতবারের চ্যাম্পিয়ন ও রানার্সআপ। ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রানার্সআপ লিভারপুলের ম্যাচটি উত্তেজনার পারদ ছড়িয়েছিল যথেষ্টই। কিন্তু লুইস সুয়ারেজবিহীন লিভারপুল মাঠের খেলায় যেন মুখ থুবড়েই পড়ল সিটির সামনে। একতরফা খেলায় ম্যানুয়াল পেলেগ্রিনির শিষ্যরা ম্যাচটি জিতে নিয়েছেন ৩-১ গোলের বড় ব্যবধানেই।
অনেকেই প্রশ্ন তুলছেন লিভারপুল কেন মারিও বালোতেল্লিকে দলে ভিড়িয়েছে। কিন্তু কালকের খেলাটি দেখলে হয়তো এই প্রশ্নটি আপনা থেকেই প্রত্যাহার করে নেবেন তাঁরা। সুয়ারেজবিহীন লিভারপুল কাল সিটির বিপক্ষে যেন নিজেদের স্ট্রাইকিং-দৈন্যতাকে বড় প্রকট করেই সবার সামনে উপস্থাপন করেছে।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ বছর পর লিগ জয়ের স্বপ্ন দেখছিল লিভারপুল। দলকে চ্যাম্পিয়নশিপের দ্বারপ্রান্তে নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল দুই স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও ড্যানিয়েল স্টারিজের। এই দুই স্ট্রাইকারের মিলিত অবদান ছিল ৫২টি গোল। কিন্তু লিভারপুলের দুর্ভাগ্য যে একেবারে শেষ মুহূর্তের ভুলে লিগ শিরোপাটা আর ছুঁয়ে দেখা হয়নি।
এই মৌসুমে বার্সেলোনার কাছে সুয়ারেজকে বিক্রি করে দেওয়ার পর থেকেই একজন স্ট্রাইকারের অভাব যথেষ্টই অনুভূত হচ্ছিল লিভারপুল শিবিরে। মারিও বালোতেল্লিকে দলে নিয়ে সেই স্ট্রাইকারের অভাবটাই যেন পূরণ করতে চেয়েছে লিভারপুল। কাল সিটির বিপক্ষে পুরো ম্যাচে লিভারপুলের ফরোয়ার্ডরা ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জো হার্টকে উদ্বেগের মধ্যে ফেলতে পেরেছেন খুব কমই। পুরো খেলাতেই মনে হয়েছে স্টারিজ যেন বয়ে বেড়াচ্ছেন দায়িত্বের খুব ভারী বোঝা।
ম্যানচেস্টার সিটির পক্ষে কাল দুটো গোল পেয়েছেন গত মৌসুমে বাজে সময় কাটানো স্টেভান জোভেতিচ। খেলার ৪১ ও ৫৫ মিনিটে তাঁর দুটি গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। খেলার ৬৯ মিনিটে সার্জিও আগুয়েরো নিশ্চিত করেন লিভারপুলের বড় জয়।
স্কোরলাইনে লিভারপুলের পক্ষে একটি গোল লেখা হয় ম্যাচের ৮৩ মিনিটে। তবে তাদের কোনো খেলোয়াড়ের পা থেকে আসেনি ওই গোলটি। সিটির পাবলো জাবালেতার ‘মহানুভবতা’য় স্কোরলাইনকে কিছুটা ভদ্রোচিত চেহারা দিতে পেরেছে গতবারের রানার্সআপরা।
ম্যাচে শেষে সিটি কোচ পেলেগ্রিনির ভাষ্য, যোগ্যতর দল হিসেবেই তাঁদের হাতে ধরা দিয়েছে এই জয়। তিনি বলেন, ‘পুরো খেলায় আমার দলের খেলোয়াড়েরা প্রচণ্ড পরিশ্রম করেছে। একটি ইউনিট বা দল হিসেবে খেলেই আমরা ম্যাচটা জিতেছি। এটা যোগ্য দলেরই জয়।’
পেলেগ্রিনির স্বস্তিটা আসলে মৌসুমের শুরুতেই একটি বড় দলকে বধ করতে পারায়, ‘কোনো শক্তিধর দল যখন প্রতিপক্ষ হয়, তখন সেই দলের বিপক্ষে ম্যাচে মনোযোগটাই প্রধান। এই ম্যাচে আমাদের দলের খেলোয়াড়দের মনোযোগ ও ধরে খেলার ব্যাপারটি আমাকে স্বস্তি দিচ্ছে। আরও স্বস্তি দিচ্ছে মৌসুমের প্রথম দুটি ম্যাচ থেকেই পূর্ণ ছয় পয়েন্ট বাগিয়ে নেওয়ার ব্যাপারটি। এটা পুরো মৌসুমের জন্যই দলের পাথেয় হয়ে থাকবে।’ সূত্র: এএফপি, রয়টার্স।