সুয়ারেজের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল খেলছে কোপা আমেরিকায়, আর তিনি বাড়িতে বসে খেলা দেখছেন টেলিভিশনে। কী আর করবেন, জর্জো কিয়েলিনিকে কামড়ে দিয়ে লুইস সুয়ারেজ যে নিষিদ্ধ হয়ে আছেন ৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে! চার মাসের নিষেধাজ্ঞা ছিল ক্লাবের হয়েও। সেটা কাটিয়ে বার্সেলোনার হয়ে মৌসুমের অর্ধেকের বেশি খেলেছেনও। কিন্তু দেশের হয়ে নিষেধাজ্ঞা এখনো রয়ে গেছে। বসে থাকতে হবে কোপা আমেরিকার সবগুলো ম্যাচেই। উরুগুয়ের জার্সিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে থাকতে পারছেন না বলে তাই আক্ষেপে পুড়ছেন বার্সেলোনা স্ট্রাইকার। পরশু রাতে জ্যামাইকার বিপক্ষে উরুগুয়ের প্রথম ম্যাচটির আগে টুইট করেছেন, ‘সামনে বড় চ্যালেঞ্জ। আমি জানি আমার সতীর্থদের খুব ভালো সামর্থ্য আছে সেই চ্যালেঞ্জ নেওয়ার। কিন্তু খারাপ লাগছে আমি খেলতে পারছি না বলে।’ প্রথম ম্যাচের আগে দলকে শুভকামনাও জানিয়েছেন সুয়ারেজ। উরুগুয়ে অবশ্য জ্যামাইকার বিপক্ষে জয় দিয়েই শুরু করেছে কোপার শিরোপা ধরে রাখার মিশন। মার্কা।