সুয়ারেজের এ কী হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সুয়ারেজ। গোল পাননি সেভিয়ার বিপক্ষেও। ছবি: এএফপি
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সুয়ারেজ। গোল পাননি সেভিয়ার বিপক্ষেও। ছবি: এএফপি

বার্সেলোনার আক্রমণে এবার লিওনেল মেসিকে থামানোর যেন কেউ নেই। সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ১৭ ম্যাচে ১৬ গোলের পরিসংখ্যান কথা বলছে তাঁর হয়ে। কিন্তু মেসির সতীর্থ লুইস সুয়ারেজ যেন থেমেই আছেন।
বার্সেলোনার হয়ে এ পর্যন্ত ১৬৪ ম্যাচে ১২৪ গোল করেছেন সুয়ারেজ। এর মধ্যে চলতি মৌসুমে ১৪ ম্যাচে মাত্র ৩ গোল! সর্বশেষ সেভিয়ার বিপক্ষে ম্যাচেও গোল পাননি। সব মিলিয়ে টানা ৪৫১ মিনিট গোলখরা চলছে ৩০ বছর বয়সী স্ট্রাইকারটির। ২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সায় যোগ দেওয়ার পর এটাই সুয়ারেজের সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী গোলখরার নজির।
সুয়ারেজের সর্বশেষ গোল গত ১৪ অক্টোবর অ্যাটলেটিকো মাদ্রিদের জালে। এরপর টানা পাঁচ ম্যাচ গোলবঞ্চিত রয়েছেন সুয়ারেজ। উরুগুয়ে তারকা অবশ্য এ জন্য দুষতে পারেন হাঁটুর চোটকে। আঘাতটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি তিনি। বার্সা কোচ আর্নেস্তা ভ্যালভার্দে অবশ্য তাঁর শিষ্যের গোলখরা কাটিয়ে ওঠার ব্যাপারে নিশ্চিত। সেভিয়ার বিপক্ষে জয়ের পর ভ্যালভার্দের ভাষ্য, ‘আমরা জানি, গোল করাই লুই সুয়ারেজের কাজ। তাই এটা ধৈর্যের প্রশ্ন। তাকে শুধু বলেছি, লেগে থাকো, হাল ছেড়ো না।’
সুয়ারেজের বার্সা ক্যারিয়ারে গোলখরা অবশ্য নতুন কিছু নয়। বার্সায় আসার পর টানা ৩৯৩ মিনিট গোলবঞ্চিত ছিলেন তিনি। সেই রেকর্ড এবার ছাপিয়ে গেলেও সতীর্থরা কিন্তু তাঁর পাশে দাঁড়াচ্ছেন। ইভান রাকিতিচ যেমন বলেছেন, ‘সুয়ারেজ গোল পেলে তখন আমরা আরও শক্তিশালী দল। এটা শুধুই সময়ের ব্যাপার।’ সূত্র: স্পোর্ত।