সুয়ারেজের পর মেসির ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূরত্ব ২৪ মিটার। গতি ঘণ্টায় ৯২ কিলোমিটার।
পদার্থবিজ্ঞানের প্রশ্ন নয় এটি, সূত্র কষে সময়ও বের করতে হবে না। তবে ফুটবল মাঠে এর উত্তর গত পরশু জেনেছে অ্যাটলেটিকো মাদ্রিদ—লিওনেল মেসির গোল! আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলার মতো শট, সঙ্গে পাল্লা দিয়ে নজরকাড়া গোল লুইস সুয়ারেজের...তাতেই কোপা ডেল রের সেমিফাইনালে অ্যাটলেটিকোর মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।
দলীয় সমন্বয় আর খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা—ডিয়েগো সিমিওনে দায়িত্ব নেওয়ার পর এটিই অ্যাটলেটিকোর বড় শক্তি। তবে মাঝেমধ্যে দলীয় শক্তিও হার মেনে যায় ব্যক্তিগত ঝলকের কাছে। পরশু যা হলো। ৭ মিনিটে প্রথমবার, মাঝমাঠের একটু ওপরে বল পেয়ে দুটি ডজে দুই অ্যাটলেটিকো ডিফেন্ডারকে ছিটকে দুর্দান্ত গোল করেন সুয়ারেজ। তার ২৬ মিনিট পর মেসির ঝলক, বক্সের বাইরে থেকে তাঁর বাঁ পায়ের শট পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। কোচ লুইস এনরিকে যা দেখে মুগ্ধ, ‘বড় ম্যাচগুলোতেই সেরা মেসির দেখা মেলে।’
দ্বিতীয়ার্ধে ফার্নান্দো তোরেস নামার পর অবশ্য বেশ কিছু সুযোগ পেয়েছে অ্যাটলেটিকো। তবে রোজিব্লাঙ্কোদের গোলটি হয়েছে ব্যক্তিগত ঝলকে, যিনি মেসি-সুয়ারেজদের কাছাকাছি, সেই আঁতোয়ান গ্রিজমান, ৫৯ মিনিটে হেডে করেছেন গোলটি। এই গোলটিই বার্সা স্ট্রাইকার সুয়ারেজকে করছে সতর্ক, ‘ক্যালদেরনে আমরা দুটি গোল পেয়েছি ঠিকই, তবে এখনো কিছুই শেষ হয়নি।’ এএফপি।