জিততে পারেনি উরুগুয়ে। জেদ্দায় সৌদি আরবের সঙ্গে প্রীতি ম্যাচে ড্র করেছে ১-১ গোলে। তার পরও ম্যাচ শেষে দারুণ খুশি লাতিন দেশটির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ‘দেশের জার্সি আবার গায়ে চড়াতে পেরে দারুণ আনন্দিত। দেশের জার্সিতে যে আনন্দ, যে গৌরব, তা আর কোথাও নেই। উরুগুয়ের জার্সি আমি বড় ভালোবাসি’—ম্যাচ শেষে সুয়ারেজের টুইট।
উরুগুয়ে না জিতলেও সুয়ারেজের খুশির কারণ আছে বৈকি! বিশ্বকাপে কামড়-কেলেঙ্কারির পর এটাই যে ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ইতালিয়ান ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে ৯ ম্যাচ বহিষ্কৃত হলেও আপিল করে প্রীতি ম্যাচ খেলার অনুমতি পাওয়ায় সৌদিদের বিপক্ষে মাঠে নামতে বাধা ছিল না। ম্যাচ শেষের ২০ মিনিট আগে তাঁকে তুলে নেওয়া হয়। কিন্তু মাঠ ছাড়ার আগেই উরুগুয়ের গোলটিতে রেখেছেন ভূমিকা। ৪৭ মিনিটে তাঁর কোনাকুনি শট পোস্টে লেগে ফিরে আসে। সেই বল সৌদি এক খেলোয়াড়ের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। সুয়ারেজের ফেরার ম্যাচে উরুগুয়ের জয়ই যখন ধরা হচ্ছিল, শেষ মিনিটে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান নাইফ হাজাজি।
১-১ গোলে ড্র হয়েছে যুক্তরাষ্ট্র-ইকুয়েডর ম্যাচটিও। প্রীতি ম্যাচ হলেও এর মাহাত্ম্য ছিল অন্যরকম। যুক্তরাষ্ট্র দলের হয়ে সর্বোচ্চ ৫৭টি গোল যাঁর, সেই ল্যান্ডন ডনোভানের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল এটি। ক্লিন্সমানের বিশ্বকাপ দলে ব্রাত্য হয়ে অবসরের ঘোষণা দেওয়া ডনোভানের বিদায়ী ম্যাচটি হয়েছে ৩৬ হাজার দর্শকের সামনে। ৪০ মিনিট পর মাঠ থেকে তাঁকে তুলে নেওয়ার সময় উঠে দাঁড়ায় রেঞ্চলার ফিল্ডে আসা সব দর্শক।
জাতীয় দলের জার্সিতে প্রায় এক বছর পর রাদামেল ফ্যালকাওয়ের প্রথম গোল পাওয়ার দিনে কলম্বিয়া ৩-০ গোলে হারিয়েছে এল সালভাদরকে। এএফপি।