সুয়ারেজের মুখে 'এমএসএন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ মিরামন্তেস
লুইস সুয়ারেজ মিরামন্তেস

গত মৌসুমেই বার্সেলোনার ত্রয়ী এক মৌসুমের সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছিলেন। ‘এমএসএন’ অর্থাৎ মেসি-সুয়ারেজ-নেইমারের আক্রমণভাগ যেভাবে খেলছে তাতে ত্রয়ী হিসেবে সর্বকালের সেরাদের তালিকায়ই থাকবে। এমএসএনকে নিয়ে অনেক প্রশংসাই হচ্ছে, এবার যেমন লুইস সুয়ারেজও জানাচ্ছেন এমন ত্রয়ী আর কখনো দেখেননি।
একটু ধন্দে পড়ে গেছেন নিশ্চয়ই। সুয়ারেজ নিজেকে নিয়েই কেন কথাটা বলবেন? কথাটা সুয়ারেজেরই, তবে এই বার্সেলোনার উরুগুইয়ান ফরোয়ার্ড নন। এই সুয়ারেজও বার্সার হয়েই খেলেছেন। কত বড় খেলোয়াড় ছিলেন সেটা বোঝাতে একটা পরিসংখ্যানই যথেষ্ট, স্পেনে জন্ম নেওয়া একমাত্র ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড় তিনি। বয়স ৮০ হয়ে গেছে, ফুটবলের অনেক উত্থান-পতনই দেখেছেন। এমএসএনকে তাঁর দেওয়া প্রশংসাপত্রের নিশ্চয়ই আলাদা মূল্য আছে, ‘আমি এ রকম ত্রয়ী আর দেখিনি। মেসি যেভাবে সুয়ারেজ ও নেইমারকে দলে আপন করে নিয়েছে সেটাই আসলে মূল ভূমিকা রাখছে। নিজেদের অহমটা একদিকে সরিয়ে রেখে এত সব অর্জন একটা বড় ব্যাপার। তারা দেখিয়েছে আসলেই তারা মাথা খাটিয়ে খেলে।’
পেপ গার্দিওলার বার্সেলোনা এক বছরে সম্ভাব্য ছয় শিরোপার ছয়টি জিতেই ইতিহাস গড়েছে। লুইস এনরিকের বার্সেলোনাও সে রকম কিছু করতে পারে বলেই ধারণা সুয়ারেজ সিনিয়রের, ‘এই দল এভাবে খেললে গার্দিওলার দলের সঙ্গে তুলনা হবে। গত বছর তারা তিনটি ট্রফি জিতেছিল, কোনোটাই সহজ ছিল না। মাঝেমধ্যে ম্যানেজারকে নিয়ে সমালোচনা হয়েছে, কারণ সে একটু অন্য পথে হাঁটার চেষ্টা করেছিল। তবে এটাও ঠিক, ম্যাচ তো আর কোচ জেতাবে না, খেলোয়াড়দেরই জেতাতে হবে। এনরিকে সেটা বুঝতে পেরে নিজের ধরনটা বদলেছে।’
ব্যালন ডি’অরে মেসি, রোনালদোর সঙ্গে কে সেরা তিনের আরেকজন কে হবেন, সেটা নিয়েই তুমুল আলোচনা। সুয়ারেজ কিন্তু রোনালদোকেই রাখছেন না, ‘মেসি, নেইমার বা বায়ার্নের মুলারের কাউকেই আমি এটা দেব। এই বছর রোনালদোর চেয়ে ভালো অনেকেই খেলেছে।’ মার্কা।