সুয়ারেজের শুনানি ৮ আগস্ট
লুইস সুয়ারেজের ভাগ্য নির্ধারিত হয়ে যাচ্ছে আগামী সপ্তাহে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে সুয়ারেজের আপিলের শুনানি ৮ আগস্ট। বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দিয়ে চার মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ উরুগুইয়ান স্ট্রাইকার এখন সেদিকেই তাকিয়ে।
ফিফার ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রাথমিক আপিলে হারার পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরণাপন্ন হয়েছেন সুয়ারেজ। পাশাপাশি আপিল করেছে উরুগুয়ে ও তাঁর নতুন ক্লাব বার্সেলোনাও। আদালত অগ্রাধিকার ভিত্তিতেই দেখছেন এই আবেদন। শুনানির
এক সপ্তাহের মধ্যেই ঘোষণা হবে রায়।
লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচ ২৪ আগস্ট। নিষেধাজ্ঞা বহাল থাকলে অক্টোবরের শেষ সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না সুয়ারেজ। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ৩১ গোল করেছেন, তাঁকে এই চার মাস ফুটবলের সব কর্মকাণ্ডেই নিষিদ্ধ করেছে ফিফা। সঙ্গে জরিমানা এক লাখ সুইস ফ্রাঁ। বিবিসি।