সুয়ারেজের 'কামড়' নিয়ে ভাবে না বার্সা

‘কামড়-কাণ্ড’ আর লুইস সুয়ারেজ যেন এক সুতোয় গাঁথা। বারবার এই কামড়ের কারণেই খবরের শিরোনাম হয়েছেন, বিতর্কের ঝড় তুলেছেন, এমনকি ফুটবল থেকেও নিষিদ্ধ হয়েছেন সময়ের অন্যতম প্রতিভাবান এই উরুগুইয়ান স্ট্রাইকার। বিশ্বকাপে জর্জো কিয়েলিনির কাঁধ কামড়ে ক্ষতবিক্ষত করে এ মুহূর্তে অতিবাহিত করছেন আরও একটি ফুটবলবিহীন সময়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাঁকে যেকোনো ধরনের ফুটবল থেকেই নিষিদ্ধ করেছে চার মাসের জন্য।
কিন্তু আসছে মৌসুমে সুয়ারেজকে অনেক আশা করেই কিনেছে বার্সেলোনা। লিভারপুল থেকে তাঁকে নিয়ে আসতে বার্সার খরচ ৯৪ মিলিয়ন ইউরো। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টি হলো সুয়ারেজের কামড়-কাণ্ডের ইতিহাস নাকি ন্যু ক্যাম্পকে খুব একটা ভাবাচ্ছে না।
বার্সেলোনা অবশ্য সুয়ারেজের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে চেষ্টা-চরিত্র চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ইতিমধ্যেই সুয়ারেজের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করা হয়েছে। তবে তাঁর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, নাকি কমিয়ে আনা হবে, এ ব্যাপারে এখনো ফিফার কাছ থেকে কিছু জানা যায়নি।
সুয়ারেজ যেন বার্সেলোনার জার্সি গায়ে অন্য কাউকে কামড়টামড় না দেন, সে বিষয়েও নাকি তাঁকে আলাদা করে সতর্ক করা হয়নি। সুয়ারেজের চুক্তিপত্রেও নাকি ‘কামড়-কাণ্ড’ নিয়ে তেমন কিছু বলা নেই।
বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউ বলেছেন, ‘বিশ্বকাপে কামড়-কাণ্ডের আগেই সুয়ারেজের সঙ্গে আমাদের কথাবার্তা সম্পন্ন হয়েছে। বিশ্বকাপের পর সে কেবল চুক্তিপত্রে সই দিয়েছে।’
কিন্তু যে খেলোয়াড়টি বারবার অন্যের শরীরে কামড় বসিয়ে সমালোচিত হচ্ছেন, তাঁকে কামড়ের বিষয়ে সতর্কও করা হয়নি! বার্সা সভাপতি সতর্ক করার বিষয়ও স্বীকার করতে চাননি, ‘সতর্ক করার কোনো ব্যাপার এখানে আসছে না। সে বিশ্বকাপের কামড়-কাণ্ডের ব্যাপারে খুবই অনুতপ্ত এবং সে ক্ষমাও চেয়েছে। এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’ জি নিউজ।