সুয়ারেজের 'সেঞ্চুরি' এমএসএনের 'ট্রিপল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল খরা কাটল নেইমারের। ছবি: রয়টার্স।
গোল খরা কাটল নেইমারের। ছবি: রয়টার্স।

মেসি-নেইমার জুটিটা ‘এমএসএন’ হয়েছে তাঁর কারণেই। লুইস সুয়ারেজ যোগ দেওয়ার পরই স্মরণকালের সবচেয়ে ভয়ংকরতম আক্রমণ–ত্রয়ীকে দেখা যাচ্ছে বার্সেলোনায়। এ কারণেই হয়তো উপলক্ষটা এল তাঁর পা হয়েই। কাল বার্সার জার্সিতে শততম গোলটি হয়ে গেল সুয়ারেজের, পাশাপাশি ‘এমএসএন’-ত্রয়ীও পূর্ণ করল গোলের ট্রিপল সেঞ্চুরি। মেসি-সুয়ারেজ-নেইমারের গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে চলে গেছে বার্সেলোনা।
অ্যাথলেটিক বিলবাওর মাঠে প্রথম লেগে ২-১ গোলে হেরে এসেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে তাই ১-০ ব্যবধানে জিতলেই চলত তাদের। ম্যাচের ৩৫ মিনিটেই বার্সাকে প্রথম গোলটি এনে দিয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন সুয়ারেজ। নেইমারের পাস থেকে ডান পায়ের সে শটে আসে এই গোল। কী আশ্চর্য, ‘এমএসএন’-ত্রয়ীরও সেটি ৩০০তম গোল! ২০১৪-১৫ মৌসুমে সুয়ারেজ যোগ দেওয়ার পর আড়াই বছরেই তিন শ গোল করে ফেলেছেন এই তিন ফরোয়ার্ড।
‘এমএসএন’-ত্রয়ীর দিনে অন্য দুজনও চুপ থাকেননি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাই আবারও নেইমার-ঝলক। ৪৮ মিনিটে একক প্রচেষ্টায় পেনাল্টি আদায় করে নিলেন। সে পেনাল্টি দিয়েই কাটালেন ১০৩৮ মিনিটের গোলখরা। বার্সার জার্সিতে গোল করার ‘প্রায়’ ভুলে যাওয়া স্বাদটা পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গত ১৯ অক্টোবর গোল করেছিলেন, এরপর কালই প্রথম! ১১ ম্যাচ পরে নেইমারের গোলেই কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেল বার্সেলোনার।
তবে ম্যাচের ৫১ মিনিটে নাটক জমিয়ে দিয়েছিল বিলবাও। ডিফেন্ডার সাবোরিত গোল করে ব্যবধান কমালেন (২-১)। ৯০ মিনিট শেষেও একই স্কোর থাকলে খেলা গড়াত অতিরিক্ত সময়ে। কিন্তু লিওনেল মেসি থাকতে সেই ঝামেলা পোহায় কেন বার্সেলোনা! ৭৮ মিনিটে সুয়ারেজের আদায় করলেন ফ্রি কিক। সেই ফ্রি কিক থেকে দর্শকেরা দেখল আরেকটি ‘মেসি-ময়’ গোল (৩-১)। এ নিয়ে টানা তিন ম্যাচে ফ্রি কিক থেকে গোল করলেন মেসি।
এ গোল দিয়েই প্রায় তিন মাস পর একসঙ্গে স্কোরশিটে নাম লেখালেন মেসি, নেইমার ও সুয়ারেজ। গত ১৭ সেপ্টেম্বর লেগানেসের মাঠে সর্বশেষ তিনজন একসঙ্গে গোল পেয়েছিলেন। মেসির এ গোলসহ ‘এমএসএন’–ত্রয়ীর গোল এখন ৩০২টি। সুয়ারেজের সেঞ্চুরির অনেক আগেই মেসি পার করেছেন নিজের সেঞ্চুরি (১২৫)। ও দুজনের তুলনায় কিছুটা পিছিয়ে থাকা নেইমারের গোল সংখ্যা ৭৭।
মেসির এ গোল ধরে রেখে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের পর কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে চলে গেল বার্সেলোনাও। আজ রাতে সেভিয়ার মাঠে তিন গোল বা এর বেশি ব্যবধানে না হারলে শেষ আটে চলে যাবে রিয়াল মাদ্রিদও।