সূচি নিয়ে বাফুফের গোলকধাঁধা
যেকোনো প্রতিযোগিতা নির্দিষ্ট একটা সূচি মেনে চলে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সূচি মানেই বিভ্রান্তি আর গোলকধাঁধা। এটা শুধু ২৪ জুলাই শুরু প্রিমিয়ার লিগের ক্ষেত্রেই নয়, বছরে ফুটবলের সব আয়োজনেই সূচি নিয়ে বড়সড় জট লেগে যায়। গতকাল যেমন চট্টগ্রামে প্রিমিয়ার লিগের উদ্বোধন হলেও কবে কোন দলের খেলা সেটাই এখনো অজানা।
তবে কারণটা জানাই। সূচি তৈরিতে ক্লাবের প্রভাব যেমন থাকে, তেমনি ঘরোয়া ফুটবলের অন্যসব আয়োজনের সঙ্গে লিগের সমন্বয় রাখতে গিয়ে গোলমালটা বাধিয়ে ফেলে বাফুফে। তা ছাড়া ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বদলান কর্তাব্যক্তিরা। ছোটখাটো কারণেও তাই বদলে যায় সূচি। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপেও এটা দেখা গেছে। এ যেন বাফুফের এক তেলেসমাতি কাণ্ড।
এবার প্রিমিয়ার লিগের জন্য সাত-আট দিন আগে সাত ভেন্যুর প্রথম রাউন্ডের সূচিটা তৈরি করা হয়েছিল। কিন্তু শেখ জামাল, মোহামেডান, আরামবাগসহ চার-পাঁচটি ক্লাব সেটি নিয়ে আপত্তি তুলেই ক্ষান্ত হয়নি, হঠাৎ ভেন্যু কমানোর দাবিও তুলে বসে। খসড়া সূচিতে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে খেলা শুরুর মাঝখানে সময় ছিল মাত্র এক-দুই দিন। সিলেটের পর খেলা বরিশালে। সিলেট থেকে বরিশাল যাওয়ার সরাসরি সড়ক নেই। ঢাকা হয়ে ঘুরে যেতে হবে। এটি ছিল বাফুফের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। আর এটিরই সুযোগ নিয়ে একটি ক্লাব জোট দাবি তুলল তিনটি ভেন্যু কমাতে হবে, ব্যস তিনটি ভেন্যুই ছেঁটে ফেলা হলো শেষ মুহূর্তে! অর্থাৎ মাথাব্যথার জন্য মাথাই কেটে ফেলা!
লিগের স্বত্ব সাইফ পাওয়ারটেক কিনলেও সূচিটা করছে বাফুফে। কিন্তু বাফুফের কর্মীরা সেটি করতে গিয়ে বিভ্রান্ত, কখন না আবার সব বদলে যায়! পরিবর্তিত অবস্থায় প্রতি ভেন্যুতে একসঙ্গে দুই রাউন্ড করে খেলার কথা বলা হচ্ছিল। চট্টগ্রামে উদ্বোধনী পর্বের পর ঢাকায় খেলা। কিন্তু সূচি বদলের ধারাবাহিকতায় কাল জানা গেল, চট্টগ্রামে টানা তিন রাউন্ড খেলার পরিকল্পনা আছে। প্রথম দিনে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন শেখ জামালের সামনে আরামবাগ, এরপর শেখ রাসেল-উত্তর বারিধারা। ম্যাচ শুরুর সম্ভাব্য সময় বিকেল চারটা ও সন্ধ্যা সাতটা।
বাফুফের কর্মীরা মৃদুকণ্ঠে জানালেন, ৩ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে খেলা হতে পারে। ৫-১৭ আগস্ট লিগের খেলা ময়মনসিংহে। ১৮-২০ আগস্ট ঢাকায় খেলে ২১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভুটান ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প উপলক্ষে লিগ বন্ধ!
তবে কখন আবার সূচি বদলে যায় সেই শঙ্কায় ফেডারেশনের কর্মীদের যথেষ্ট সতর্ক দেখা গেল। এ নিয়ে ফেডারেশনে চলে বিস্তর রসিকতাও। রংধনুর মতোই বাফুফের সূচি যেন এই আছে এই নেই! এসব দেখে বাফুফের সহসভাপতি বাদল রায় বলছিলেন,
‘পুরো অফিস এটা নিয়ে কাজ করার পরও কেন এত কাণ্ড আমার মাথায় আসলে ঢোকে না।’