সেই আমিরাতের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদামাখা মাঠে কাল বারবারই গোলের আনন্দে মেতে উঠেছে সৌদি আরবের কিশোরেরা। শেষ পর্যন্ত আরব আমিরাতকে ৬-২ গোলে হারিয়ে তারাই উঠল চূড়ান্ত পর্বে l প্রথম আলো
বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদামাখা মাঠে কাল বারবারই গোলের আনন্দে মেতে উঠেছে সৌদি আরবের কিশোরেরা। শেষ পর্যন্ত আরব আমিরাতকে ৬-২ গোলে হারিয়ে তারাই উঠল চূড়ান্ত পর্বে l প্রথম আলো

‘নুজ ডজন গোল, নুজ ডজন গোল’—বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরবিতে এভাবেই স্লোগান দিচ্ছিল সৌদি আরবের ফুটবলাররা। বাংলায় যার অর্থ—আধা ডজন গোল দিয়েছি। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে কাল সৌদি আরব ৬-২ গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। টানা দুই জয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বও নিশ্চিত করেছে সৌদি আরব।
প্রথম ম্যাচে সৌদি আরব ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাত স্বাগতিকদের বিপক্ষে ছিল আরও নির্দয়—জেতে ৬-১ গোলে। কালকের ম্যাচটিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতারই তো আভাস ছিল। কিন্তু আরব আমিরাত অসহায় আত্মসমর্পণই করল সৌদি আরবের সামনে। অথচ বাংলাদেশের জালে বেশি গোল দেওয়ার সুবাদে ম্যাচটি ড্র করলে আরব আমিরাতই যেত চূড়ান্ত পর্বে।
হ্যাটট্রিক করেছেন সৌদি আরবের আলাবদান হামাদ। বাকি ৩ গোল করেছেন আলী আলশাইখ, আলমাস নাঈফ ও ধারি আলানজি। আরব আমিরাতের একটি গোল মাজিদ রাশিদের, অন্যটি আত্মঘাতী।
এই টুর্নামেন্টে খেলার আগে কাতারে গলফ কাপে আরব আমিরাতের কাছে ২-১ গোলে হেরেছিল সৌদি আরব। কাল যেন সেই হারের প্রতিশোধই নিল সৌদি আরব। চূড়ান্ত পর্বে ওঠার লক্ষ্য পূরণ হওয়ার পেছনে ছেলেদেরই কৃতিত্ব দিলেন কোচ মোহাম্মদ আবদুল্লাহ, ‘ছেলেরা কাদামাঠেও অসাধারণ ফুটবল খেলেছে। এবার আমাদের লক্ষ্য ভারতে চূড়ান্ত পর্বে ভালো করার।’ বয়সভিত্তিক ফুটবলে এই প্রথম এত বড় ব্যবধানে হারল আরব আমিরাত। এর আগে ওমানের কাছে প্রীতি ম্যাচে ৫-২ গোলে হারই ছিল সবচেয়ে বড়। কালকের হারের জন্য খেলোয়াড়দের ক্লান্তিকে দায়ী করলেন আমিরাতের কোচ আবদুল রহমান আল শাহিন, ‘আমাদের ছেলেরা গত রাতে একটুও ঘুমাতে পারেনি। রাতে টিম হোটেলে আগুন লেগেছিল। আতঙ্কে রাত জেগে ক্লান্ত খেলোয়াড়েরা মাঠে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তা ছাড়া কাদামাঠেও খেলতে ওদের সমস্যা হয়েছে।’