সেই আলোনসোই আজ রিয়ালের 'শত্রু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্নাব্যুকে সামনে রেখে স্মৃতিকাতর জাবি আলোনসো। ছবি: টুইটার
বার্নাব্যুকে সামনে রেখে স্মৃতিকাতর জাবি আলোনসো। ছবি: টুইটার

জাবি আলোনসোর জন্য বার্নাব্যুতে ফেরাটা একটু অন্যরকম। এক সময় রিয়াল মাদ্রিদের ‘মিডফিল্ড জেনারেল’ ছিলেন। সেই রিয়ালেই ফিরছেন প্রতিপক্ষ হয়ে। আলোনসো রীতিমতো যেন নস্টালজিয়ায় আক্রান্ত। স্প্যানিশ ফুটবলার তিনি। কত দিন পর দেশে ফিরেছেন। হয়তো ম্যাচের আগের দিন হোটেলে দেখা করে গেছেন আত্মীয়-বন্ধুরা। রিয়ালের সাবেক দুই-একজন সতীর্থের সঙ্গেও হয়তো দেখা হয়েছে।
চিরপরিচিত সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে আলোনসো যে কতটা স্মৃতিকাতর আর আবেগী এর নমুনা পাওয়া যাচ্ছে তাঁর টুইটারে। সেখানে একটি ছবি দিয়েছেন। উদাস দৃষ্টিতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর দিকে তাকিয়ে আছেন আলোনসো। রঙিন এই যুগেও ছবিটা সাদাকালো। সাদাকালো ছবি দিয়ে আলোনসো কী নিজের স্মৃতিকাতরতাকেই বোঝাতে চেয়েছেন?
আপাদমস্তক পেশাদার এক ফুটবলার আলোনসো। মানুষ হিসেবে আবেগ থাকতে পারে, কিন্তু একজন পেশাদারের কী আবেগকে ঠাঁই দিলে চলে! আলোনসোও তাই আবেগকে দূরে সরিয়ে রেখে যেকোনো মূল্যে বায়ার্ন মিউনিখকে আজ রাতের ম্যাচে সাফল্য এনে দিতে চান। নিজেদের মাঠে ২-১ গোলে হেরে এমনিতেই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে আছে দল। আজ সেই ঘাটতি পূরণ করতে চান।

গায়ে যখন বায়ার্নের জার্সি, আবেগ দূরেই সরিয়ে রাখছেন সাবেক রিয়াল তারকা। ছবি: এএফপি
গায়ে যখন বায়ার্নের জার্সি, আবেগ দূরেই সরিয়ে রাখছেন সাবেক রিয়াল তারকা। ছবি: এএফপি

এক সময়ের প্রিয় দল আজ তাঁর ‘শত্রু’। প্রিয় বার্নাব্যু তাঁর কাছে আজ ‘বৈরী’ এক মাঠ! তবে সব বৈরিতা পেছনে ফেলে বায়ার্নই জিতবে বলে আশাবাদী আলোনসো, ‘আমরা বায়ার্ন মিউনিখ। আমরা জানি কীভাবে ম্যাচ জিততে হয়।’ স্পেনের সর্বাধিক প্রচারিত দৈনিক এল পেইসের সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক রিয়াল তারকা তাঁর সাবেক দলের প্রতিও শ্রদ্ধাশীল, ‘আমরা জানি রিয়াল মাদ্রিদ কতটা শক্ত পরীক্ষা নিতে পারে আমাদের।’ বার্নাব্যুর প্রতিটি ঘাস তাঁর চেনা। বলতে ভোলেননি তাও, ‘সান্তিয়াগো বার্নাব্যুর পরিবেশটা আজ কেমন হবে, সে সম্পর্কেও আমার স্পষ্ট ধারণা আছে। রিয়ালকে নিয়ে খুব বেশি ভেবে লাভ নেই। কারণ, এই দলটা প্রতিভাবান ফুটবলারে ঠাসা। এই দলের যে কেউ যেকোনো সময় গোল করে বসতে পারে।’