সেই ইউনাইটেডের মুখোমুখি ক্লপ

অ্যানফিল্ডের ডাগ-আউটে আজ যখন লুই ফন গালের সঙ্গে হাত মেলাবেন, ইয়ুর্গেন ক্লপ মনে মনে হয়তো মুচকি হাসবেন। গল্পটা অন্য রকম হলে আজ ফন গালের জায়গায় তিনিই থাকতেন। হয়তো ইউনাইটেডের কোচ হয়েই লিভারপুল-বধের পরিকল্পনা কষতে হতো। স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিলেন বলেই সেটি হলো না।
২০১৩ সালের কথা। ফার্গুসন তখন অবসরে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন। কিন্তু ইউনাইটেডে একজন উত্তরসূরি তো দিয়ে যেতে হবে! গার্দিওলার মতো ক্লপের দিকেও নজর ছিল ফার্গির। এত দিন পর ক্লপ নিজেই জানালেন, ‘আমাদের মধ্যে অনেক কথাই হয়েছিল। এটা ছিল অনেক সম্মানের। কিন্তু আমি ডর্টমুন্ড ছাড়তে চাইনি। তখন এপ্রিল চলছে, আমাকে পরের মৌসুমের পর পরিকল্পনা করতে হচ্ছে, অথচ ক্লাবেই কি না আপনি থাকবেন না। এভাবে আসলে হয় না। অন্তত আমার জন্য নয়। আমি অবশ্য আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাইনি, পেলেও যেতাম না।’
ক্লপ গেলে ইউনাইটেডের পরের দুই বছরের ইতিহাস অন্য রকম হতেও পারত। কিন্তু সেটা হয়নি, ক্লপ-ফন গালও আজ ঘটনাচক্রে অনেকটা একই সমতলে দাঁড়িয়ে। দুই দলের কেউই শীর্ষ চারে নেই, দুই দলেরই উদ্বেগ গোলখরা। লিভারপুল যেমন এই মৌসুমে ২০ ম্যাচে মাত্র ২২ গোল করেছে, তাদের ইতিহাসেরই এটি এই সময়ের মধ্যে সবচেয়ে কম গোল। ইউনাইটেডের ২১ ম্যাচে ২৭ গোলও ১৯৯২-৯৩ সালের পর দলটির সবচেয়ে কম গোল।
কী অদ্ভুত, গত ম্যাচে দুই দলই কিন্তু গোলটা বেশি করেই পেয়েছে। ইউনাইটেড যেমন ৩ গোল করেও নিউক্যাসলের সঙ্গে ড্র করেছে, লিভারপুলের ৩ গোলও আর্সেনালের সঙ্গে এনে দিয়েছে ১ পয়েন্ট।
দুই দলের অতীত ইতিহাস অবশ্য ইউনাইটেডকেই প্রেরণা দেয় বেশি। সর্বশেষ আট ম্যাচের ছয়টিতেই জিতেছে ইউনাইটেড। ডিফেন্ডার ক্রিস স্মলিং সেটিই মনে করিয়ে দিলেন, ‘আমার মনে হয় গত কিছুদিন ওদের সঙ্গে আমরা ভালোই করেছি। আশা করি, এবারও ওদের সমস্যায় ফেলতে পারব।’
তবে ফন গালের সঙ্গে ক্লপের দ্বৈরথে অবশ্য সমতাই বিরাজ করছে। বায়ার্ন-ডর্টমুন্ডের হয়ে দুজনের চারবারের দেখায় ফন গাল আর ক্লপের জয় দুটি করে। আজকের ম্যাচটা তাই দুজনের জন্যই এগিয়ে যাওয়ার সুযোগও। এএফপি, ইএসপিএন।