সেই ইতালিতে জিদানের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনেদিন জিদান
জিনেদিন জিদান

এ ভ্রমণ তো অন্য কিছু নয়, যেন চেনা ঠিকানায় ফেরা। ইতালিতে নামার পর জিনেদিন জিদানের মনে অনেক স্মৃতি ভিড় করে আসতেই পারে। এই ইতালিতেই জুভেন্টাসের হয়ে নিজেকে চিনিয়েছেন বিশ্বমঞ্চে। কী অদ্ভুত, পরে যখন রিয়াল মাদ্রিদে নাম লেখালেন, চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচটাও খেললেন ইতালিতেই। ওই ম্যাচের প্রতিপক্ষ রোমাকেই আজ নতুন ভূমিকায় অভিষেকে সামনে পাচ্ছেন জিদান। কাকতালীয়ই তো!
জিদান ও চ্যাম্পিয়নস লিগ—একসঙ্গে শব্দ দুটি মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে ১৪ বছর আগের একটি দৃশ্য। লেভারকুসেনের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বাঁ পায়ের ভলিতে বল জালে জড়িয়ে দিচ্ছেন জিদান। ফুটবল ইতিহাসেই অমর হয়ে আছে ছবিটা। ‘জিজু’ এখন মাঠ ছেড়ে ডাগআউটে, রিয়ালের দায়িত্ব নিয়েছেন গত মাসে। তবে চ্যাম্পিয়নস লিগে অভিষেকটা হচ্ছে আজ। খেলোয়াড় হিসেবে রিয়ালের হয়ে প্রথম ‘রোমান হলিডে’টা ভালো কাটেনি জিদানের, ম্যাচটা ১-১ গোলে ড্র হয়েছিল। কোচ হিসেবে কি অভিষেকটা মনে রাখার মতো হবে?
রোমা ইদানীং যেমন খেলছে, তাতে কাজটা সহজ হবে না। নতুন কোচ জুলিয়ানো স্প্যালেত্তির অধীনে নিজেদের যেন নতুন করে ফিরে পেয়েছে তারা। সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ১৩ ম্যাচে তারা অপরাজিত, সর্বশেষ হেরেছে সেই ডিসেম্বরে। সিরি ‘আ’তেও টানা চার ম্যাচ জিতেছে। রোমা মিডফিল্ডার সেইডু কেইটা সবার হয়ে নিজেদের প্রতিজ্ঞাটা জানিয়ে দিলেন, ‘ওদের কাজটা এখানে মোটেই সহজ হবে না। আমরা নিজেদের সেরাটা ঢেলে দেব এবং আমরা বিশ্বাস করি অঘটন ঘটানোর সামর্থ্য আমাদের আছে।’ কোচ স্প্যালেত্তির কণ্ঠেও সেই একই সুর, ‘চ্যাম্পিয়নস লিগ মানেই বাড়তি প্রেরণা। মাঠে আমাদের সেটাই ধরে রাখতে হবে।’
জিদান অবশ্য তাঁর দলের ওপর বেশ আস্থা রাখতে পারেন। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৬ ম্যাচে ২৩ গোল করেছে তাঁর দল। স্ট্রাইকার করিম বেনজেমার কণ্ঠেও তাই আত্মবিশ্বাস, ‘সবকিছু আমাদের হাতেই আছে। আমরা নিজেদের খেলাটা খেলতে পারলেই জিতব।’ তবে একটা সতর্কবার্তাও দিচ্ছেন, ‘ওদের ফরোয়ার্ডদের গতিটা আমাদের মাথায় রাখতে হবে। তবে আমরা রিয়াল মাদ্রিদ, বিশ্বের সেরা দল। আমাদের ডিফেন্ডাররা বিশ্বসেরা।’ জিদানও চ্যাম্পিয়নস লিগের মহিমাটা মনে করিয়ে দিলেন, ‘খেলোয়াড় হিসেবে সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। কিন্তু সেটা তো প্রতিবছর হয় না, তাই চ্যাম্পিয়নস লিগ নিয়েই আপনি সেই স্বপ্ন দেখতে পারেন।’
চ্যাম্পিয়নস লিগে দুই দলের ইতিহাস অবশ্য জমজমাট একটা লড়াইয়েরই আভাস দিচ্ছে। এখন পর্যন্ত আটবারের দেখায় রিয়াল জিতেছে চার ম্যাচে, রোমা জিতেছে তিনটিতে। একটি হয়েছে ড্র।
রোমা কি আজ জয়ের পাল্লাটা সমান করতে পারবে, নাকি রিয়াল এগিয়ে যাবে আরও? এএফপি, গোল ডট কম।
আজ মুখোমুখি
রোমা-রিয়াল মাদ্রিদ
গেন্ট-ভলফসবুর্গ
* প্রথমে স্বাগতিক দল
টুকিটাকি
গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ জিতেই নকআউটে উঠে গেছে রোমা
ইতালির মাঠে সর্বশেষ আট ম্যাচের একটিতেও জিততে পারেনি রিয়াল
ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে সর্বশেষ আটটি দুই লেগের নকআউট ম্যাচই হেরেছে রিয়াল
২০০৮ সালের পর এই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি রোমার সামনে