
ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি। না, জেরার্ডো মার্টিনোর তরি একেবারে ছোটও ছিল না। আগামী মাসে ব্রাজিল ও হংকংয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ১৯ জনের নাম ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ। তাতে জায়গা হয়নি কার্লোস তেভেজের।
চোট কাটিয়ে মেসি ফিরেছেন দলে। এর বাইরে তেভেজের আবারও উপেক্ষিত থাকা ছাড়া বলার মতো ঘটনা একটাই, প্রায় তিন বছর পর হাভিয়ের পাস্তোরের ফেরা। ২০১১ সালের নভেম্বরে বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটায় জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন পিএসজি মিডফিল্ডার।
পিএসজির হয়ে দারুণ ছন্দে থাকার পুরস্কার পেয়েছেন পাস্তোরে। যেটা পেতে পারতেন কার্লোস তেভেজও। জুভেন্টাসের হয়ে সিরি ‘আ’তে এ মৌসুমে তিন ম্যাচে গোল করেছেন দুটি, করিয়েছেন আরও একটি। চ্যাম্পিয়নস লিগেও সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে ম্যাচটা জুভেন্টাস জিতেছে তেভেজেরই জোড়া গোলে। কিন্তু তাঁর দুর্দান্ত ফর্মও মন জয় করতে পারেনি মার্টিনোর। ২০১১ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে পেনাল্টি নষ্ট করে তেভেজ সেই যে জাতীয় দলে ব্রাত্য হলেন, ফেরার অপেক্ষা এর পর থেকে দীর্ঘায়িতই হচ্ছে কেবল।
আলেসান্দ্রো সাবেলা যত দিন কোচ আছেন তেভেজ আর ডাক পাবেন না, এটা একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল। তবে মার্টিনো দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন, তাঁর দুয়ার সবার জন্য উন্মুক্ত। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, দুটি ম্যাচের জন্য যে ৩৫ জনের প্রাথমিক তালিকা করেছিলেন মার্টিনো, সেখানে নাকি তেভেজের নাম ছিল। সে অনুযায়ী আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) থেকে তেভেজকেও আভাস দিয়ে রাখা হয়েছিল ভিসা প্রক্রিয়াটা সেরে রাখতে। এমনকি পরশু দল ঘোষণার দিন সকালে এক সংবাদ সম্মেলনেও মার্টিনো বলেছিলেন, ‘আমি যখন প্রথম দায়িত্ব নিলাম, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো খেলোয়াড়ের সঙ্গে আমার সমস্যা আছে কি না। আমি বলেছিলাম, না। এর পর থেকে সবাইকেই বিবেচনা করা হবে। কার্লোসও তো বলেছে, দলে জায়গা পেতে হলে ভালো করতে হবে এবং আমার তো মনে হয় সে খুবই ভালো করছে। আমি তাঁকে ডাকব কি না এটা এখনই বলছি না, তবে সে খুবই ভালো করছে।’ মার্টিনোর এই কথার পর তেভেজের দলে ফেরা নিশ্চিত বলেই ধরে নেওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু সেদিনই সন্ধ্যায় আর্জেন্টাইন কোচ দল ঘোষণা করার পর দেখা গেল তাতে তেভেজের নাম নেই!
১০ অক্টোবর বেইজিংয়ে ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। চার দিন পরের ম্যাচটা হংকংয়ে। এএফপি, গোল, ফুটবল ইতালিয়া।
আর্জেন্টিনার তেভেজ
পজিশন
স্ট্রাইকার
বয়স
৩০
অভিষেক
৮ জুলাই ২০০৪, ইকুয়েডরের বিপক্ষে
সর্বশেষ ম্যাচ
১৬ জুলাই ২০১১, উরুগুয়ের বিপক্ষে
মোট ম্যাচ
৬৪
গোল
১৩
অর্জন
আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার
(২০০৩, ২০০৪)
দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার (২০০৩, ২০০৪, ২০০৫)
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: রোমেরো (সাম্পদোরিয়া), গুসমান (তাইগ্রেস)
ডিফেন্ডার: ডেমিচেলিস (ম্যানচেস্টার সিটি), ফার্নান্দেজ (সোয়ানসি সিটি), মুসাচ্চিও (ভিলারিয়াল), রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ভেরগিনি (সান্ডারল্যান্ড), জাবালেতা (ম্যানচেস্টার সিটি)
মিডফিল্ডার: ডি মারিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), বিগলিয়া (লাৎসিও), গাইতান (বেনফিকা), লামেলা (টটেনহ্যাম), মাচেরানো (বার্সেলোনা), পাস্তোরে (পিএসজি), পেরেইরা (জুভেন্টাস), পেরেজ (বেনফিকা)
ফরোয়ার্ড: আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), হিগুয়েইন (নাপোলি), মেসি (বার্সেলোনা)।