সেই এলদেন্সের কোচ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু খারাপ হওয়া সম্ভব, সবই এখন হচ্ছে এলদেন্স ফুটবল ক্লাবে। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাবটি গত শনিবার লিগে বার্সেলোনা ‘বি’ দলের কাছে হেরেছে ১২-০ গোলে। তাতে তৃতীয় বিভাগে অবনমন নিশ্চিত হয়েছে, লিগে বাকি ছয় ম্যাচ আর খেলবে না বলেও ঘোষণা দিয়েছে এলদেন্স। মড়ার ওপর খাঁড়ার ঘা, সেই ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগে গতকাল গ্রেপ্তার হয়েছেন ক্লাবটির ইতালিয়ান কোচ ফিলিপ্পো ভিতো ডি পেরোও।
ম্যাচের পর এলদেন্স স্ট্রাইকার শেখ সাদই অভিযোগ করেছিলেন, ম্যাচটি পাতানো, দলের চারজন ফুটবলার এতে জড়িত। সেদিন খেলেননি সাদ। পরে এ-ও বলেছিলেন, ‘ওরা (ওই চারজন) এক সতীর্থকে বলেছিল, ম্যাচটায় ফিক্সিং হচ্ছে, আর যদি সে খেলতে চায়, তাহলে যেন গোল না করে। আমাকে জিজ্ঞেস করেনি, কারণ জানত আমার উত্তর কী হবে। কোচ এ ব্যাপারে জানতেন, আমি নিশ্চিত। খেলোয়াড়েরাও জানত।’
ক্লাবের বোর্ডের চেয়ারম্যান ডেভিড আগিলারও এ ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ করেন স্প্যানিশ পুলিশের কাছে। সেটির ভিত্তিতেই কাল গ্রেপ্তার করা হয় এলদেন্সের কোচকে। মার্কা, ডেইলি মেইল।