সেই ঐতিহাসিক অঘটনের ৫০ বছর

মিডলসবরোর আইরেসম পার্কে সেদিন কত দর্শক উপস্থিত ছিলেন? মেরেকেটে ১৮ হাজারও হবে না। প্রবাসী ইতালীয় কিংবা উত্তর কোরীয় নাগরিকেরাই হয়তো সেদিন আইরেসম পার্ক মুখরিত করেছিলেন। কিন্তু যাঁরাই সেদিন মাঠে ছিলেন, সাক্ষী হয়েছিলেন বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম এক অঘটনের। ১৯৬৬ বিশ্বকাপের সে ম্যাচে ইতালির বিপক্ষে ‘পুঁচকে’ উত্তর কোরিয়া পেয়েছিল ১-০ গোলের অভাবনীয় এক জয়।
সেই ঘটনার ৫০ বছর পূর্তির দিন ছিল কাল। এক শতাব্দীর অর্ধেক সময় পেরিয়ে গেছে। পৃথিবী বদলে গেছে, বদলে গেছে পৃথিবী নামের এই গ্রহের ছবিটাও। ফুটবল খেলাটাও বদলে গেছে কত! কিন্তু ৫০ বছর আগে উত্তর কোরীয় বিজয়গাথা আজও মনে পড়ে অনেকের। কীভাবে সম্ভব হয়েছিল এটি? ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার খর্বকায় কয়েকজন ফুটবলার সেদিন হারিয়ে দিয়েছিল ইতালির মতো ফুটবলে প্রতিষ্ঠিত শক্তিকে!
সে সময় পরপর দুটো বিশ্বকাপ (১৯৩৪, ১৯৩৮) জয়ের গৌরব গায়ে মাখা এই দলের বিপক্ষে এশিয়া মহাদেশের অখ্যাত, অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া এই দলের বিজয় হইচই ফেলে দিয়েছিল চারদিকে। ক্যারিয়ারে মাত্র দুটি আন্তর্জাতিক গোল করেছেন। এর একটি এই ম্যাচে ছিল বলেই উত্তর কোরিয়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন পাক দু-ইক।
পরপর দুটি বিশ্বকাপ ইতালি জিতেছিল ঠিকই, কিন্তু ১৯৩৮ সালের পর ফুটবলশক্তিটা হারাতেই বসেছিল তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা বড় কারণ। ১৯৫০, ১৯৫৪ ও ১৯৬২ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল তারা। ১৯৫৮ বিশ্বকাপে তো পেরোতে পারেনি বাছাইপর্বের গণ্ডিই। ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে ইতালি এসেছিল নতুন প্রজন্মের প্রতিভাবান কিছু খেলোয়াড় নিয়ে। জিয়ান্নি রিভেরা, স্যান্দ্রো মাজোলা, জিয়ানচিনতো ফাচেত্তিদের সমন্বয়ে গঠিত ইতালি দল ছিল প্রতিশ্রুতিশীলও। সবচেয়ে বড় কথা, ইতালির খেলোয়াড়েরা ছিলেন সবাই পেশাদার। উত্তর কোরিয়ার বিপক্ষে সেই ম্যাচে ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যেত তারা।
নিজেদের প্রথম দুটো ম্যাচে একটিতে জিতে, একটিতে ড্র করে ইতালি ছিল সুবিধাজনক জায়গায়। উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের কাছে হেরেছিল ৩-০ গোলে, চিলির বিপক্ষে শেষ মুহূর্তে গোলে করেছিল ড্র। ইতালির বিপক্ষে জয় পেলেই কেবল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হতো উত্তর কোরীয়দের। কিন্তু ইতালির মতো দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখাটা অনেকের কাছেই ছিল বাড়াবাড়ি।
মাঠের লড়াইয়ে অবশ্য দৃশ্যপট পাল্টে গেল পুরোপুরি। ম্যাচটা কোনোমতে ড্র করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার নেতিবাচক ভাবনাটাই কাল হয়ে দাঁড়ায় ইতালির জন্য। ৪২ মিনিটে উল্টো নিজেদের জালে আবিষ্কার করে বল। পার্ক করে বসেন সেই স্মরণীয় গোল। গোল খেয়ে টনক নড়ে ইতালীয়দের। কিন্তু কোরীয়দের ত্রাতা ছিলেন গোলকিপার রি চান মিয়ং। বাকিরাও কাঁধ মিলিয়ে লড়ে রুখে দেন ইতালিকে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই দ্বিতীয় রাউন্ডে চলে যায় উত্তর কোরিয়া! তাও আবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে!
উত্তর কোরিয়া আরও বড় চমক দিয়েছিল কোয়ার্টার ফাইনালে। ইউসেবিওর পর্তুগালের বিপক্ষে ২৫ মিনিটে এগিয়ে গিয়েছিল ৩-০ গোলে! এ তো আরও অভাবিত! কিন্তু তার চেয়েও অভাবিত এক ফুটবল উপহার দিলেন ইউসেবিও। তাঁর চার গোলে শেষ পর্যন্ত আর সেমিফাইনালে যাওয়া হয়নি উত্তর কোরিয়ার। কিন্তু ও পর্যন্ত যা করেছে, সেটাই তো তাদের জায়গা করে দিয়েছে ইতিহাসে।