সেই কলসিন্দুর স্কুল এবার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিনবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদায় নিয়েছে বিভাগীয় পর্বেই। তাই এবার ষষ্ঠ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট একটু হলেও আকর্ষণ হারিয়েছে। তবে সাতটি বিভাগীয় সেরা দল নিয়ে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হওয়া ছেলে ও মেয়ে দুই বিভাগেই জমাট লড়াই আশা করছে আয়োজক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফাইনাল ২ মার্চ।
ছেলেদের বিভাগে ৬৪ হাজার ২৬০টি ও মেয়েদের বিভাগে খেলেছে ৬৪ হাজার ১৯৬ স্কুল। ২১ লাখ ৮৩ হাজার ৭৫২ খুদে খেলোয়াড়ের এমন মহাযজ্ঞ পৃথিবীর আর কোথাও হয় বলে জানা নেই। তাই এই টুর্নামেন্টের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তোলার উদ্যোগ নিয়ে কথা হলো কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে। বাফুফের সহসভাপতি বাদল রায় বললেন, ‘বিষয়টি নিয়ে ফুটবল ফেডারেশন কাজ করছে।’ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান তা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন, ‘বিষয়টি আমরা দেখছি।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের মুখে থাকল টুর্নামেন্টের প্রশংসা, ‘বাংলাদেশের ফুটবলের জন্য এটি মাইলফলক হয়ে থাকবে। ছোট ছেলেমেয়েদের সামনে মন্ত্রণালয় একটা ভিত্তি গড়ে দিচ্ছে, বাফুফে সেখান থেকে ছেলেমেয়েদের এগিয়ে নিচ্ছে।’
কিন্তু জাতীয় স্তরে সাড়া ফেলা কলসিন্দুর স্কুল এবার চূড়ান্ত পর্বেই উঠতে পারল না কেন? ওই স্কুলের কোচ মফিজ উদ্দিন কাল প্রথম আলোকে কারণটা বললেন হতাশা নিয়ে, ‘এবার আমাদের বিদায়ের অনেক কারণ আছে। খেলাধুলা থেকে আমরা আসলে নির্বাসনে চলে গেছি। এখন আর মেয়েদের কোচিং করাচ্ছি না আমি।’