সেই কোটানই হাস্যোজ্জ্বল

অন্যদিন মুখ ভার করে কথা বলতে আসেন ম্যাচের পর। কাল এক মুহূর্তও মুখের হাসিটা হারিয়ে যেতে দিলেন না জর্জ কোটান। শেখ জামালকে হারানোর নায়ক স্ট্রাইকার ওয়াহেদকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলনে নানা রকম দুষ্টুমি করলেন আবাহনী কোচ। সাংবাদিকদের কাছে ফাঁস করে দিলেন ‘গোপন’ একটা তথ্যও, ‘ওয়াহেদকে তো আমরা এখন হাজব্যান্ড ডাকি।’ হো হো হাসির রোল উঠল বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে।
ওয়াহেদ লাজুক হাসেন। মাত্রই বিয়ে করেছেন সিলেটের তরুণ। বিয়ে করে এসে এক ম্যাচ খেলেছেন বদলি হিসেবে। এদিন ভাগ্যটাও তাঁর দিকে তাকিয়ে এমনই দিলখোলা হাসি দিল যে, কালই প্রথম মাঠে আসা স্ত্রীর সামনে করে বসলেন দুই গোল। মৌসুমেই প্রথম গোল পেলেন, তাও জোড়া গোল! দুটি গোল ভাগাভাগি করে উৎসর্গ করলেন দুজনকে, ‘একটা গোল উৎসর্গ করলাম মাকে, অন্যটি স্ত্রীকে।’
গত মৌসুমে মোহামেডানের হয়ে ১৫ গোল করা ওয়াহেদ চেনা ছন্দে ছিলেন না এত দিন। ফিটনেস-সমস্যা কাটিয়ে লিগ ম্যাচে দ্বিতীয়বার একাদশে সুযোগ পাওয়ায় কোচকে জানালেন কৃতজ্ঞতা, ‘কোচ আমাকে তৈরি হতে সময় দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ।’
অনেক দিন পর কোটানকে আসলেই খুব ফুরফুরে লাগছে। বুক থেকে যেন তাঁর পাথর নামল। এদিন হারলে লিগ লড়াই থেকে আবাহনীর ছুটিই হয়ে যেত। একরকম বাঁচা-মরার ম্যাচে ২-০ গোলে জয় আকাশি-নীলদের শুধু লিগ লড়াইয়ে ফেরায়নি, লিগের আকর্ষণও রাখল জিইয়ে।
খেলোয়াড়দেরই এর কৃতিত্ব দিলেন অস্ট্রিয়ান কোচ, ‘ছেলেরা আজ দারুণ খেলেছে। শুরুর ১০ মিনিটের আক্রমণাত্মক খেলাই বলে দিচ্ছিল দিনটা আমাদেরই হতে যাচ্ছে।’
কোটান এক ফাঁকে বাংলায় দুটি শব্দও বার কয়েক উচ্চারণ করলেন, ‘চুর চুর’ (চোর চোর)। ২-০ হওয়ার পর শেখ জামাল যখন ১০ জনের দল, তখনো খেলাটা হালকাভাবে নিতে দেননি খেলোয়াড়দের। তাঁদের বলেছেন, ‘বল হারাবে না। প্রয়োজনে চুর চুর খেলো।’
সাংবাদিকদের সঙ্গে ওয়াহেদও না হেসে পারেননি। হাসিটা অমলিন রেখেই আবাহনীর ১০ নম্বর জার্সি পাওয়ার প্রেক্ষাপটটা জানালেন এই সন্ধ্যায়, ‘রুপুদা আমাকে আবাহনীতে এনে বলেছিলেন, তোকে ১০ নম্বর জার্সিটা দিলাম। আবাহনী অনেক দিন ট্রফি পায় না, একটা ট্রফি দে।’
সেই ট্রফির খোঁজে আবাহনী কাল ক্লাবে ফিরল খোশমেজাজেই। ‘অনেক ভারমুক্ত হলাম’—বলে কোটান স্বভাবসুলভ দুষ্টুমি করতে করতে সংবাদ সম্মেলনকক্ষ ছাড়লেন।
কোটান-ওয়াহেদের ‘যুগলবন্দীর’ পর সংবাদ সম্মেলনে মারুফুল হক ছিলেন বিমর্ষ। আবাহনী প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে মোহামেডানকে হারালেও শেখ জামাল এগিয়ে থাকবে ৩ পয়েন্ট। কিন্তু শেখ জামাল কোচের হতাশাটা অন্য জায়গায়, ‘প্রথম পর্বে বড় লিড নেওয়ার সুযোগটা হাতছাড়া আমরা করব কেন? ছেলেদের এত বোঝালাম সবকিছু, তবু ওরা আজ খেলতেই পারল না।’
দিনটা যে আসলে ছিল আবাহনীরই।